‘দ্য এশিয়ান পিচ’ অ্যাওয়ার্ড জিতলেন সাইমন
‘দ্য এশিয়ান পিচ’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমদ সাইমন। সিঙ্গাপুরে আয়োজিত এ প্রতিযোগিতায় একটি প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা জমা দিয়ে পুরস্কার জিতেছেন তিনি।
গ্লিটজকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা সাইমন নিজেই।
এশিয়ার তরুণ নির্মাতা অনুসন্ধানে প্রতিবছর সিঙ্গাপুরে এই প্রতিযোগিতার আয়োজন করে জাপানের এনএইচকে, দক্ষিণ কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস এবং সিঙ্গাপুরের মিডিয়াকর্প।
সাইমন গ্লিটজকে জানান, এ বছর মে মাসে ‘দ্য এশিয়ান পিচ’ প্রতিযোগিতার জন্য একটি প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা জমা দেন তিনি। সারাবিশ্বের নির্মাতাদের পাঠানো ১৬৪টি পরিকল্পনা থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য ১১টি পরিকল্পনা বাছাই করা হয়। চূড়ান্ত পর্যায়ে সিঙ্গাপুরে আমন্ত্রণ জানানো হয় সাইমনকে। সেখানে নির্মাণ পরিকল্পনা উপস্থাপন করে জুরিবোর্ডের মন জয় করে নেন। এ বছর সেরা তিন সিনেমা পরিকল্পনার মধ্যে ঠাঁই করে নেয় সাইমনের পরিকল্পনা।
সাইমন আরও জানিয়েছেন, বিজয়ী পরিকল্পনাগুলো নিয়ে নির্মিত সিনেমার প্রযোজনা, প্রাইমটাইমে সম্প্রচারসহ আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বও নেবে এশিয়ার অন্যতম প্রধান এ চারটি চ্যানেল।
সাইমন ছাড়াও এ বছর তাইওয়ানের জাং দাজুঙ এবং ভারতের চৈতালী মুখার্জী জিতেছেন এ পুরস্কার।
কামার আহমেদ সাইমন পরিচালিত প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ চলতি বছরের এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্যচিত্র উৎসব সিনেমা দু্যি রিলের ৩৫তম আসরে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ ছবির জন্য সর্ব্বোচ্চ পুরস্কার 'গ্রাঁপি' জিতে নেয়। সিনেমাটি জিতেছে ফিল্ম সাউথএশিয়ায় ‘জুরি-অ্যাওয়ার্ড’।
