২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদনান সামিকে হাইকোর্টের নির্দেশ

পাকিস্তানি গায়ক আদনান সামিকে পুলিশের কাছে নিজের পাসপোর্ট জমা দিতে বলেছে মুম্বাই হাইকোর্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 05:14 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সামির সাবেক স্ত্রী সাবাহ গালাদারি স¤প্রতি তার বিরুদ্ধে হয়রানির মামলা করেছেন। আর এই অভিযোগের বরাত দিয়ে সামিকে তার পাসপোর্ট জমা দিতে বলেছে মুম্বাই হাইকোর্ট।

১৮ ডিসেম্বর সামিকে তার পাসপোর্ট তদন্তকারী অফিসারের হাতে জমা দিতে নির্দেশ দেন জাস্টিস আর পি সন্দুরবালদতা।

সামির সাবেক স্ত্রীর অভিযোগ, ২০০৯ সালের মে মাসে এই মামলায় গ্রেফতার হওয়ার পর একটি বিশেষ শর্তে জামিন দেওয়া হয়েছিল সামিকে। কিন্তু তিনি সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হন।

জামিনের জন্য সামিকে দুজন জামিনদার রাখার নির্দেশ দিয়েছিল আদালত, তখন দুজন জামিনদার রেখেছিলেন সামি। কিন্তু চলতি বছরের জুলাইতে নিজেদের নাম উঠিয়ে নেন জামিনদাররা।

আর এখন কোনো জামিনদার না থাকায় এটি আইন ভঙ্গ করার সামিল, এই অভিযোগ করেছেন তার স্ত্রীর আইনজীবীরা।

পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু সামির মুখপাত্র জানান, শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারবেন না তিনি।

স¤প্রতি দেশের বাইরে পারফর্ম করার জন্য হাইকোর্টের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছেন সামি। বিনিময়ে তার প্রতিটি পারফরম্যান্সের বিবরণ চেয়েছে হাইকোর্ট, তবে তা এখনও জমা দেননি এই গায়ক। এ বিষয়ে শুনানি হবে ২৩ ডিসেম্বর।

এদিকে ১৬ ডিসেম্বর হাইকোর্ট সামিকে নির্দেশ দেয়, দুই মাসের মধ্যে তার বর্তমান ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য। মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওবেরয় স্কাই গার্ডেন বিল্ডিংয়ের সেই ফ্ল্যাট নিজের বৈবাহিক সম্পত্তি বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সাবাহ।

বর্তমানে সামি তার তৃতীয় স্ত্রী রয়া ফারাবির সঙ্গে এই ফ্ল্যাটে বসবাস করছেন।