৮টি গানের ‘আওয়াজ’
ব্যান্ড পলাশ অ্যান্ড ফ্রেন্ডস ‘আওয়াজ’ নামে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেছে বিজয় দিবসে।
অ্যালবামে গান রয়েছে আটটি। গানগুলোর শিরোনাম ‘অসুখী’, ‘আওয়াজ’, ‘টোকাই’, ‘বাংলা মা’, ‘ভুল’, ‘ক্ষুধা’, ‘বিজয়’, ‘হারানো হিয়া’। এর মধ্যে ‘হারানো হিয়া’ গানটি নজরুলসংগীত।
ভোকালিস্ট পলাশ বলেন, “হারানো হিয়া গানটি আমার বাবার খুব প্রিয় ছিল। তার স্মৃতি জড়িয়ে আছে গানটির সঙ্গে। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দেহত্যাগ করেছেন ২০০৭ সালে। কাজী নজরুল ইসলামের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই গানটি করতে চেয়েছি।”
অ্যালবামের অনান্য গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, তান্না, পলাশ এবং জাহাঙ্গীর আলম। সবগুলো গানের সুর করেছেন পলাশ।
পলাশ আরও বলেন, “অ্যালবামটি বিজয় দিবস উপলক্ষে প্রকাশ করেছি। আমাদের গানে মানবতা ও দেশপ্রেমের কথা উঠে এসেছে।”
অ্যালবামটি ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানান ব্যান্ডের ম্যানেজার আশরাফ সিফাত।
তিনি আরও জানান, অ্যালবামটি আমাজন, আইটিউন, গুগল প্লে, স্পটিফাই, ব্যান্ড ক্যাম্পে প্রকাশ করা হয়েছে। প্রকাশক ‘মি লেবেল’। সেই সঙ্গে যে কেউ চাইলে ব্যান্ডের ফেইসবুক পেইজে গিয়ে অ্যালবামটি শুনতে ও বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
অ্যালবামটি সিডিতে আসতে পারে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।
