ডি নিরো-স্ট্যালনের লড়াই
বক্সিং মুভি ‘গ্রাজ ম্যাচ’-এর জন্য সত্যিকারের মুষ্ঠিযুদ্ধ করলেন হলিউডি অভিনেতা রবার্ট ডি নিরো এবং সিলভেস্টার স্ট্যালন।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, সিনেমায় দুজন বয়স্ক বক্সারের চরিত্রে অভিনয় করেছেন ডি নিরো এবং স্ট্যালন। যারা বক্সিং পেশা থেকে অবসর নেওয়ার আগে খেলবেন একটি ফাইনাল ম্যাচ।
আর ৬৭ বছর বয়সী স্ট্যালন জানান, ৭০ বছর বয়সী ডি নিরোর সঙ্গে বেশ মারাত্মকভাবে লড়াই করেছেন তিনি। যেখানে ছিল না কোনো ক্যামেরার কারসাজি, বরং পুরো দৃশ্যতেই সত্যিকারের বক্সিং খেলেছেন দুজন।
ডি নিরো সম্পর্কে স্ট্যালন বলেন, “একবার যখন তিনি রাজি হলেন, এরপর সম্পূর্ণ নিবিষ্ট মনেই কাজটি করেছেন। বেশ কিছু মারাত্মক আঘাত দিয়েছেন এবং পেয়েছেনও, যদিও তিনি তা স্বীকার করবেন না।”
স্ট্যালন আরও বলেন, “বক্সিংয়ের জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইস্ট কোস্টে আর আমি প্রশিক্ষণ নিয়েছি ওয়েস্ট কোস্টে। একেবারে পেশাদার বক্সারদের মতো লড়াইয়ের ময়দানে পর্দা ওঠার পরই একে অপরের সঙ্গে দেখা হয়েছে আমাদের। আমরা শঙ্কিত ছিলাম সবকিছু ঠিকঠাক মতো হবে কি না, তবে হয়েছে।”
সিনেমার নির্মাতা পিটার সিগাল বলেন, “আমি চাচ্ছিলাম দৃশ্যটি বাস্তবসম্মত হোক। তারা দুজন দৃশ্যটি বাস্তব করে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। তাদের গায়ে আপনারা এখনও আঘাতের চিহ্ন দেখতে পাবেন।”
নতুন সিনেমা ‘গ্রাজ ম্যাচ’ ছাড়াও এর আগে বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন ডি নিরো ও স্ট্যালন। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রেজিং বুল’এ বক্সার জেইক লা মটার ভূমিকায় অভিনয় করে অস্কার জিতেছিলেন ডি নিরো। আর জনপ্রিয় ফিল্ম সিরিজ ‘রকি’তে বক্সার হিসেবে দেখা গেছে স্ট্যালনকে।
‘গ্রাজ ম্যাচ’ আমেরিকায় মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
