দীপিকার পার্টিতে রণবীর এবং রনভির
টানা পাঁচটি সিনেমার সাফল্য উদযাপনের জন্য ২১ ডিসেম্বর একটি পার্টির আয়োজন করেছেন দীপিকা পাড়ুকোন। পার্টিতে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর এবং রনভির সিং।
মুম্বাই মিরর জানায়, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ককটেল’, ‘রেইস টু’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রাম-লীলা’ সিনেমা বক্সঅফিসে পরপর ব্যাপক সাফল্য অর্জন করে। সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করে নিতে ২১ ডিসেম্বর একটি পার্টির আয়োজন করছেন তিনি।
তবে পার্টিটি তার নিজের বাড়িতে হবে, নাকি জুহুর কোনো পাঁচতারা হোটেলে সে বিষয় এখনও নিশ্চিত করেননি তিনি।
পার্টি উপলক্ষে ইতোমধ্যে ইমতিয়াজ আলি, রোহিত শেঠি, মাধুর ভান্ডারকার, আয়ান মুখার্জি, কারান জোহর, সঞ্জয় লীলা বনসালি, হোমি আদজানিয়া এবং ফারাহ খানকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন দীপিকা।
এক সূত্রে মাধ্যম জানায়, দীপিকা তার এই ধারাবাহিক সাফল্যে দারুণ খুশি। আর তাই বন্ধুদের সঙ্গে তা ভাগ করে নিতে চাইছেন তিনি।
অতিথিদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, সিদ্ধার্থ মালহোত্রা, ইমরান খান এবং তার স্ত্রী অঙ্কিতা, অভয় দেওল, প্রীতি দেশাই, রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা। সাবেক প্রেমিক রণবীর কাপুরকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ‘রাম-লীলা’ সিনেমার সহঅভিনেতা রনভির সিংও আমন্ত্রণ পেয়েছেন। আর সিনেমার শুটিংয়ের সময় থেকে দীপিকার প্রতি তার দুর্বলতার বিষয়টি এখন আর গোপন কিছু নয়।
পার্টিতে পরিচালক সুরাজ ভারজাতিয়াও আমন্ত্রিত হয়েছেন। গুজব শোনা যাচ্ছে, সালমানের সঙ্গে তার পরবর্তী সিনেমায় সালমানের বিপরীতে দীপিকা অভিনয় করতে পারেন।
২০১৪ সালের মাঝামাঝি সিনেমার কাজ শুরু হবে।
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন দীপিকা।
