ইন্ডিয়ান আইডল সন্দীপের মৃত্যু
দীর্ঘদিন জন্ডিসে আক্রান্ত থাকার পর মারা গেছেন ইন্ডিয়ান আইডল সিজন টুর বিজয়ী সন্দীপ আচার্য।
ভারতের গুরগাঁও শহরের মেদান্তা হাসপাতালে ১৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্দীপ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সন্দীপের ভাই আকশায় জানান, ১০ ডিসেম্বর মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয় সন্দীপকে। এর আগে তিনি রাজস্থানের বিকানির শহরের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিন দিনের জন্য।
ইন্ডিয়ান আইডল জেতার পর প্রকাশিত হয় সন্দীপের অ্যালবাম ‘মেরে সাথ সারা জাঁহা’।
আকশায় আরও বলেন, “ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আরেকটি নতুন অ্যালবাম প্রকাশ করার কথা ছিল সন্দীপের। নতুন অ্যালবামের নাম ছিল ‘ও সনম তেরে বিনা’।‘
সন্দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের অনেকেই।
ইন্ডিয়ান আইডল সিজন টুর বিচারক ফারাহ খান টুইট করেন, “সন্দীপ আচার্য মারা গেছেন, শুনে খুবই খারাপ লাগছে। তিনি ইন্ডিয়ান আইডল টুর বিজয়ী ছিলেন আর আমার খুব পছন্দের গায়ক ছিলেন। খুবই ভদ্র একজন মানুষ ছিলেন তিনি। এখন তার চলে যাওয়ার সময় ছিল না।”
ঐ অনুষ্ঠানে ফারাহর সঙ্গে বিচারক ছিলেন গায়ক সনু নিগম। সন্দীপের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে টুইট করেন, “জন্ডিস? হায় খোদা, কত দুঃখের একটা ঘটনা। মাত্র ২৯ বছর বয়স ছিল তার। আশা করি এই কঠিন মুহূর্তে ঈশ্বর তার বাবা-মাকে সাহস দেবেন।”
টুইট করে শোক প্রকাশ করেছেন ঐ অনুষ্ঠানের উপস্থাপক মিনি মাথুর এবং গায়িকা শ্রেয়া ঘোষাল। আর ফেইসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে নিজেদের শোক প্রকাশ করে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন।
স্ত্রী এবং এক মাস বয়সী মেয়েকে রেখে গেছেন সন্দীপ।
১৬ ডিসেম্বর বিকানির শহরে নিজ বাড়িতে সন্দীপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
