হলিউডি সিনেমার অনুকরণে ‘জয় হো’
হলিউডি সিনেমা ‘পে ইট ফরওয়ার্ড’ অবলম্বনে নির্মিত হয়েছে সালমান খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জয় হো’।
এ আর মুরুগাডোস পরিচালিত তেলেগু সিনেমা ‘স্টালিন’ সিনেমা নির্মিত হয় ‘পে ইট ফরওয়ার্ড’ অবলম্বনে। আর ‘স্টালিন’-এর বলিউডি রিমেক হল ‘জয় হো’।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘জয় হো’ সিনেমাটি শুধু ‘পে ইট ফরওয়ার্ড’ সিনেমার অনুকরণেই নির্মিত হয়নি। সিনেমার ট্রেইলারও হলিউডি সিনেমাটির মতো করেই সাজানো হয়েছে।
মিড ডে-এর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘জয় হো’ সিনেমার প্রথমাংশ পুরোপুরি ‘পে ইট ফরওয়ার্ড’ এর অনুকরণে নির্মিত হয়েছে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাতে অভিনয় করেছিলেন কেভিন স্পেসি এবং হেলেন হান্ট।
ক্যাথরিন রায়ান হেইডির একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ‘পে ইট ফরওয়ার্ড’। সিনেমায় এক তরুণের অন্যায়-বিরোধী অভিযানের কাহিনি বর্ণনা করা হয়েছিল, যিনি তার মা হেলেন হান্ট এবং শিক্ষক কেভিন স্পেসির সাহায্যে অভিযান চালিয়ে যান।
‘জয় হো’, হলিউডি সিনেমা অবলম্বনে নির্মিত হয়েছে কি না সে বিষয়ে নির্মাতারা কেউ মুখ খোলেননি। সিনেমাটির পরিচালক সোহেল খানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও কোনো মন্তব্য করেননি।
