২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বই লিখছেন লোহান

ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের উত্থানপতনের গল্প সবাইকে জানাতে এবার বই লিখছেন হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 05:04 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

টিএমজি জানিয়েছে, লোহানের জীবনে ঘটে যাওয়া সব ধরনের বিতর্কিত ঘটনার বর্ণনা থাকবে এই গ্রন্থে। বেশ কয়েকবার গ্রেফতার হওয়া, মাদকাসক্তি, ক্যারিয়ারের উত্থান পতন, পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে তার সম্পর্ক সবকিছু নিয়েই লিখছেন লোহান।

এক সূত্র জানিয়েছে, রিহ্যাবে থাকাকালীন মাদকাসক্তি নিরাময়ের অংশ হিসেবে নিয়মিত জার্নাল লিখতে হয়েছে লোহানকে। জার্নালে তিনি লিখেছিলেন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তার নিজস্ব ভাবনা। আর ঐ জার্নাল থেকেই বই লেখার উদ্যোগ নেন লোহান।

বইটি এখনও সূচনা পর্যায়ে আছে, কাজেই এর মূলভাব কী হবে তার এখনও পরিষ্কার নয়। তবে লোহানের ইচ্ছা, এই বইয়ের মাধ্যমে জীবনের প্রতিটি দিক ভক্তদের কাছে তুলে ধরবেন তিনি।

ইতোমধ্যেই প্রকাশনা সংস্থা ওয়াক্সম্যান লিভাল লিটারেরি এজেন্সির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন লোহান। এই প্রকাশনা সংস্থাটি এর আগে আমেরিকান ফুটবলার ভিক্টর ক্রুজ, সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জাকোভিচ এবং হলিউডি অভিনেতা বিল মুরের জীবনী প্রকাশ করেছে।