২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় ২০১৩

চলতি বছরের মহান বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি, গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি এবং ‘বিজয় ৪:৩১ মঞ্চ’ সম্মিলিতভাবে জাতীয়ভাবে ‘বিজয় ২০১৩’ উদযাপন করবে সোহরাওয়ার্দী উদ্যানে। অনুষ্ঠানমালায় রয়েছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আদলে ‘কনসার্ট ফর ফ্রিডম’ এবং লক্ষাধিক কণ্ঠে সমবেত জাতীয় সংগীত গাওয়াসহ নানা কর্মসূচি।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 12:10 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

এ বিষয়ে কর্মসূচি সম্বয়কারী শিবলি হাসান গ্লিটজকে বলেন, “১৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখবেন বিজয় উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার, আহবায়ক ড. আবুল বারাকাত ও মুহম্মদ জাফর ইকবাল।”

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষেই সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে দেশ বরেণ্য সংগঠন এবং শিল্পীদের নানা ধরনের পরিবেশনা। দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে ১৯৭১-এর ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আদলে ‘কনসার্ট ফর ফ্রিডম’। কনসার্টটিতে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলো।

বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে বিকাল ৪টা ১০মিনিট পর্যন্ত সেক্টর কমান্ডার্স ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৪টা ১০ মিনিটে প্রফেসর ইমিরেটাস আনিসুজ্জামান-এর বক্তব্য। বিকাল ৪টা ১৫ মিনিটে থাকবে ১৯৭১-এর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ঘটনার উপর প্রামাণ্য অভিনয়। বিকাল ৪টা ৩১ মিনিটে থাকবে দেশ ও বিশ্বব্যাপী লক্ষাধিক কণ্ঠে সমবেত জাতীয় সংগীত।

বিকাল ৪টা ৩৫ মিনিটে শপথ গ্রহণ। শপথ পাঠ করাবেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার বীরউত্তম। বিকাল ৪টা ৪০ মিনিটে হবে পতাকা হস্তান্তর। বিকাল ৪টা ৪৫ মিনিটে থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা। বিকাল ৫টা ২০ মিনিটে থাকবে আতশবাজি উৎসব। বিকাল ৫টা ৩০ মিনিট থেকে আবারও শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট ফর ফ্রিডম।

তিনি আরও জানান, ৯ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি ও গণজাগরণ মঞ্চের অনুষ্ঠানের স্থান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তদসংলগ্ন মানিক মিয়া এভিনিউতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তাজনিত স্বার্থে সংসদ সচিবালয় ঐ স্থানের অনুমতি দিতে অপারগতা জানালে সম্মিলিতভাবে সবগুলো আয়োজনকে ঐক্যবদ্ধ করে বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কমিটির সিদ্ধান্ত ও প্রস্তাবনা মোতাবেক সর্বাত্মক প্রস্তুতি এগিয়ে চলছে। দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মোবাইলে ণ-লিখে ৩৬৩৬ নম্বরে সেন্ড করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে।