২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকারের স্থানে তার ভাই

হলিউডি অভিনেতা পল ওয়াকারের মৃত্যুর পর ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন’ সিনেমায় অভিনয় করবেন তার ভাই কোডি ওয়াকার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ২৫ বছর বয়সী স্টান্টম্যান কোডিকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নির্মাতারা ওয়াকারের অসাপ্ত কাজটি শেষ করার জন্য অনুরোধ করেন।

এস শোবিজ জানায়, সিনেমায় পলের কিছু কাজ বাকি ছিল। আর তাই সে কাজটুকু শেষ করে ওই সিরিজে ওয়াকারের অপূর্ণ কাজের জন্য নির্মাতারা তার ভাইকেই বেছে নিয়েছেন।

মূলত ওয়াকারের চরিত্রের দৃশ্যগুলোর সময় পেছন থেকে কোডিকে শুট করা হবে। আর যদি ওয়াকারের চেহারা দেখাতে হয় তখন তা শুটিংয়ের পর সিজিআই-এর মাধ্যমে ঠিক করে নেবেন নির্মাতারা।

এ বিষয়ে এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, “যদি কোডি ভাইয়ের স্মরণে কাজটি করতে রাজি হন তারপরও শুটিংয়ের বিষয়ে আরও কিছু বিষয় কাজ করতে হবে নির্মাতাদের।”

নভেম্বরের ৩০ তারিখে ৪০ বছর বয়সী অভিনেতা পল ওয়াকার তার বন্ধু রজার রোডাসের সঙ্গে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। আর তার মৃত্যুতে বাধা পরে ২০১৪-এর ১১ জুলাই মুক্তি প্রতিক্ষীত ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন’ সিনেমার শুটিংয়ে।

ওয়াকারের মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি ভেঙে পড়েছেন তার সহ-অভিনেতারাও। আবার অনেকেই এ সময় পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য।