২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের দুই নাটকে জয়ন্ত চট্টোপাধ্যায়

বিজয় দিবস উপলক্ষে দুটি একঘণ্টার নাটকে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আবু সাঈদের ‘দ্বিতীয় অধ্যায়’ এবং ইমেল হকের ‘আমিই মুক্তিযোদ্ধা’ নাটকে তিনি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 04:53 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

ঢাকার মাতুয়াইলের মুক্তিযোদ্ধা আবুলের সত্যি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আমিই মুক্তিযোদ্ধা’। নাটকে তার চরিত্রে রূপদান করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এছাড়া ‘দ্বিতীয় অধ্যায়’ নাটকে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন বলে গ্লিটজকে জানিয়েছেন জয়ন্ত।  

জয়ন্ত বলেন, “দুটি নাটকে একদম নতুন শিল্পীদের সঙ্গে অভিনয় করেছি। নাটক দুটিতে অভিনয়ের আগে তারা মুক্তিযুদ্ধ বিষয়ে পড়াশোনা করে এসেছে। দারুণ অভিনয় করেছে তারা। আমার মতে, নতুন প্রজন্মের শিল্পীদেরই বেশি করে মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করা উচিত। তাদের মাধ্যমেই তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে যাবে।”

‘আমিই মুক্তিযোদ্ধা’ নাটকে দেখা যাবে, মাতুয়াইলের কিশোর সন্ধানী ক্লাবের ছয় তরুণ বিজয় দিবসের একটি অনুষ্ঠান করবে বলে স্পন্সর খুঁজতে থাকে। এলাকার প্রভাবশালী ব্যক্তি তাদের স্পন্সর হয়ে প্রধান অতিথির পদ চেয়ে বসেন। কিন্তু ছয় তরুণ তাতে নাখোশ। তারা ব্যাপারটি মেনে নিতে পারে না। একপর্যায়ে তাদের সঙ্গে পরিচয় হয় স্কুলের দপ্তরি আবুল চাচার। তার সঙ্গে আলাপচারিতায় তারা জানতে পারে, আবুল চাচা মুক্তিযুদ্ধে পরিবারের সবাইকে হারিয়ে নিঃস্ব। চল্লিশ বছর ধরে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন। তখন ছয় তরুণ আবুল চাচাকে নিয়ে আলাদাভাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

জয়ন্ত চট্টোপাধ্যায় এখন ‘বিশাখা’, ‘চন্দ্রাবতী’, ‘হাতেম তাই’ ও ‘মাতবর’ ধারাবাহিকে অভিনয় করছেন।

তার অভিনীত দুটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এগুলো হল জাহিদুর রহিম অঞ্জনের ‘রেইনকোট’ ও মির্জা সাখাওয়াতের ‘হরিজন’। এর পাশাপাশি ‘নেকড়ে অরণ্য’ নামের একটি সিনেমাতে অভিনয়ের কথা রয়েছে তার।

‘আমিই মুক্তিযোদ্ধা’ নাটকটি বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে। ‘দ্বিতীয় অধ্যায়’ প্রচারিত হবে এসএ টিভিতে।