২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ এক মহাকাব্য: পীযূষ বন্দ্যোপাধ্যায়

পীযূষ বন্দ্যোপাধ্যায় একাধারে মুক্তিযোদ্ধা, সংগঠক ও সংস্কৃতিকর্মী। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। স্বাধীনতার ৪৩ বছর উপলক্ষে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আহমেদ তেপান্তর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 08:35 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

গ্লিটজ: স্বাধীনতার ৪৩ বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চলচ্চিত্রে কীভাবে এগিয়েছে বলে মনে করেন?

পীযূষ বন্দ্যোপাধ্যায়: প্রত্যাশিতভাবে এগোয়নি। একটু ব্যাখ্যা করছি- আমাদের শুারুটা হয়েছিল অগোছালোভাবে। তবে বলতেই হবে শুরু হয়েছিল। আমি মনে করি কর্ম পদ্ধতিতে হেরফের ছিল। ৭৫-এর পট পরিবর্তনের পর থেকে অনেক বছর মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে।

গ্লিটজ: এ অবস্থায় বিএফডিসি তাদের ভ‚মিকার কতটুকু প্রয়োগ করতে পেরেছে? যদি না পারে তবে সেটার কারণ?

পীযূষ বন্দ্যোপাধ্যায়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এফডিসির পথ চলা শুরু হয়েছিল। সেটার ইতিহাস সকলেরই জানা। স্বভাবতই জন্মসূত্রে এফডিসি সংস্থাগতভাবে মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত। কিন্তু ৪৩ বছরে এফডিসি মুক্তিযুদ্ধের চেতনায় শতভাগ মনযোগী হতে ব্যর্থ হয়েছে বলব।

কারণ, এ ব্যাপারে যথাযথ পরিকল্পনার অভাব ছিল, যে কথা এর আগে উল্লেখ করেছি। যদি শুরুতেই এ বিষয়ে যত্নশীল হওয়া যেত তাহলে আজকে এই আক্ষেপের সুর বাজত না।

Image
পিযুষ বন্দোপাধ্যায়

পিযুষ বন্দোপাধ্যায়

গ্লিটজ: তবে কি বলব সময় শেষ হয়ে গেছে?

পীযূষ বন্দ্যোপাধ্যায়: ঠিক তা নয়, আমি শুরুটা বললাম। আমি আশাবাদী, এখনও সময় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আন্তরিক। উর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে কাজটি শুরু করতে পারেন।

গ্লিটজ : একজন মুক্তিযোদ্ধার পাশাপাশি  বিএফডিসির এমডি হিসেবে সংস্থাটির উন্নয়নে কতটুকু কী করেছেন?

পীযূষ বন্দ্যোপাধ্যায়: আমার দিক থেকে আমি এখানে অবস্থানকালীন প্রতিদিন, প্রতিমুহূর্তে যা কিছু করেছি এবং করছি এর সবকিছুই মুক্তিযুদ্ধের চেতনা, দর্শন এবং আদর্শকে সম্পৃক্ত করে করেছি। কারণ একজন মুক্তিযোদ্ধার কাছে তার জীবনের সব কিছুতেই মহান মুক্তিযুদ্ধের পবিত্র স্পর্শ স্পষ্ট লেগে থাকে।

গ্লিটজ: স্বাধীনতার ৪৩ বছরেও পূর্ণাঙ্গ ও উল্লেখযোগ্য সংখ্যায় মুক্তিযুদ্ধের ছবি নির্মিত হয়নি। বিষয়টা কীভাবে দেখছেন?

পীযূষ বন্দ্যোপাধ্যায়: মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক মহাকাব্যিক অধ্যায়। এ অধ্যায়ের যে কোনো অধ্যায়কে উপজীব্য করে যত চলচ্চিত্র প্রত্যাশিত ছিল, তত চলচ্চিত্র নির্মিত হয়নি। এ জন্য আমি আগ্রহের বা উদোগের অভাব ছিল বলে মনে করি না। তবে ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের বিরোধীদের উত্থান এ বিষয়ের ধারাবাহিক অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল। আশার কথা এই যে, নতুন প্রজন্মের যারা চলচ্চিত্রের প্রতি আগ্রহী হয়ে এগিয়ে এসেছেন, তাদের প্রায় প্রত্যেকের কর্মচিন্তায় মহান মুক্তিযুদ্ধ উজ্জ্বল হয়ে প্রতীয়মান হচ্ছে। এটা অবশ্যই একটি শুভ লক্ষণ। হয়তো এদেরই কারও হাতে একদিন নির্মিত হবে মহান মুক্তিযুদ্ধের পটভূমিকায় বিশ্বজয়ী চলচ্চিত্র।