প্রথম বাংলাদেশি আইডল মং
সংগীতভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর বিজয়ী হলেন বান্দরবানের মং উ চিং মারমা। শুক্রবার রাতে এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
বিজয়ী মং পেয়েছেন একটি হোন্ডা ব্র্যান্ড নিউ গাড়ি, ১০ লাখ টাকার চেক, উচ্চতর সংগীত প্রশিক্ষণের জন্য ৬ লাখ টাকার চেকসহ সর্বমোট কোটি টাকা মূল্যমানের পুরস্কার।
মং-এর হাতে পুরস্কার তুলে দেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
মং তাৎক্ষণিকভাবে বলেন, “আমি কখনও গান শিখিনি। গান নিয়ে এতদূর আসতে পারব, সেটা স্বপ্নেও ভাবিনি।”
তিনি আরও বলেন, “আজ এই সময়ে খুব করে মনে পড়ছে আমার সেই গিটারের কথা। যে গিটার বাবা একদিন রাস্তায় ফেলে দিয়েছিলেন। রাস্তা থেকে সেই গিটার কুড়িয়ে এনেছি। হয়তো সেই গিটারই আজ আমাকে এত বড় দরজা খুলে দিয়েছে।”
মং এর সঙ্গে অল্প ভোটের ব্যবধানে প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকার প্রতিযোগী আরিফ রহমান জয় এবং সিলেটের মৃন্ময় সিংহ মন্টি।
সামিয়া রহমানের উপস্থাপনায় বিচারক ফেরদৌসী রহমান, আইয়ুব বাচ্চু ও মেহরীনের উপস্থিতিতে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
গ্র্যান্ড ফিনালে মঞ্চে প্রথমবারের মতো মৌলিক গান পরিবেশন করেন সেরা তিন প্রতিযোগী মং, আরিফ ও মন্টি। এরমধ্যে ফুয়াদ নাসের বাবুর সুরে ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় গেয়েছেন মন্টি। বাপ্পা মজুমদারের সুরে ও শাহান কবন্ধের কথায় গেয়েছেন মং। আর পার্থ বড়ুয়ার সুরে ও কবীর বকুলের কথায় গেয়েছেন আরিফ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কণা, ফাহমিদা নবী এবং কনক চাঁপা। বাংলাদেশি আইডলের সেরা ১২ প্রতিযোগী পরিবেশন করেন রবিউল ইসলাম জীবনের কথায়, আলম খানের সুরে একটি মৌলিক গান। স্টেজ পারফর্ম করেন শাকিব খান ও অপু বিশ্বাস।
২০১৩ সালের ২৮ জুন বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভিতে যাত্রা করে সংগীতশিল্পী নির্বাচনের রিয়েলিটি শো ‘আইডল’-এর বাংলাদেশি সংস্করণ ‘বাংলাদেশি আইডল’। একই বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয় আঞ্চলিক পর্যায়ের রেজিস্ট্রেশন ও অডিশন পর্ব।
