২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শান্তারাম’-এ অমিতাভ

‘দ্য গ্রেট গ্যাটসবি’ সিনেমার পর আরও একবার হলিউডে ডাক পড়ল অমিতাভ বচ্চনের। ব্র্যাড পিট এবং জনি ডেপ প্রযোজিত ‘শান্তারাম’-এ অভিনয় করবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 04:51 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, আমেরিকান লেখক গ্রেগরি ডেভিড রবার্টসের উপন্যাস ‘শান্তারাম’ অবলম্বনে নির্মিত হবে নতুন এই সিনেমা। এর কাহিনি গড়ে উঠেছে এক অস্ট্রেলীয় অপরাধীকে কেন্দ্র করে, যে শেষ পর্যন্ত মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত হয়।

ওয়ারনার ব্রাদার্সের পরিবেশনায় ‘শান্তারাম’ প্রযোজনা করবেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট এবং জনি ডেপ। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গ্যারেথ ডেভিস।

‘শান্তারাম’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জোয়েল এডগারটন।

ওদিকে অমিতাভকে দেখা যাবে ‘কাদের ভাই’-এর চরিত্রে, যিনি মুম্বাইয়ের একজন অভিজ্ঞ গ্যাংস্টার। তিনি হবেন শান্তারামের পরামর্শদাতা এবং পিতৃস্থানীয় এক ব্যক্তি, যিনি মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে শান্তারামকে সফল হতে সাহায্য করবেন।

‘শান্তারাম’ সিনেমার চিত্রনাট্য লিখবেন অস্কারবিজয়ী চিত্রনাট্যকার এরিক রথ। তিনি এর আগে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন।

তবে এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে আছে সিনেমার কাজ।