‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান’-এর দুটি সিনেমা
প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচারস মার্ভেলের সুপারহিরো স্পাইডার-ম্যান নিয়ে ‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ সিরিজের পরপর দুটি সিকুয়েল নির্মাণের বিষয় নিশ্চিত করেছেন।
আইএমডিবির প্রতিবেদন অনুযায়ী, ভেনোম এবং দ্য সিনিস্টার সিক্স এ দুটি চরিত্র নিয়ে কমিক বুক ফ্র্যাঞ্চাইসটিকে আরও বেশি এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। সিকুয়েলগুলোতেও স্পাইডার-ম্যান পিটার পার্কার এবং তার শত্রুদের কাহিনি তুলে ধরবেন নির্মাতারা।
নতুন সিনেমাগুলোর চিত্রনাট্য রচনা করবেন অ্যালেক্স কার্টজম্যান, রবার্টো অরচি, জেফ পিনকনার, এড সলোমন এবং ড্রু গড্ডার্ড। সিনেমাটি প্রযোজনা করবেন অভি আর্ড এবং ম্যাট তিলমাচ এবং পরিচালনা করবেন মার্ক ওয়েব।
‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ সিনেমা যুক্তরাজ্যে মুক্তি পাবে ২০১৪ সালের ১৮ এপ্রিল। যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশে সিনেমাটি মুক্তি পাবে ২ মে।
নির্মাতারা জানান, ২০১৬ সালের ১০ জুন ‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান থ্রি’ সিনেমার মুক্তির দিন ধার্য করা হয়েছে। তবে এর পরবর্তী সিনেমা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাননি তারা।
২০১২ সালে মুক্তি পায় ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু গারফিল্ড এবং এমা স্টোন। ২০ কোটি ডলার বাজেটের ওই সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৭৫ কোটিরও বেশি ডলার।
