২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে বিজয় দিবসের অনুষ্ঠান

বিজয় দিবসে তিন দিনব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালনের উদ্যোগ উদীচীসহ সমমনাদের।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

১৬ ডিসেম্বর বিজয়ের ৪২তম বার্ষিকী উপলক্ষে সমমনা বেশ কয়েকটি সংগঠনকে নিয়ে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে সংস্কৃতিক সংগঠন উদীচী। তিন দিনের অনুষ্ঠান পরিবেশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত অনুষ্ঠানসূচি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠন প্রগতি লেখক সংঘের অভিনু কিবরিয়া ইসলাম।

তিনি জানান, বিজয় উদযাপনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও অপরাপর সমমনা সংগঠন।

অনুষ্ঠান শুরু হবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে। ওই দিন প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিজয় নিশান’ শুরু হবে বিকাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ওই আয়োজনে থাকছে আলোচনা সভা, শহীদ স্মরণে আলোক পদযাত্রা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।

১৫ ডিসেম্বর রোববার বিকাল থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইমেলা, আলোকচিত্র প্রদর্শনী, সংগীত, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্য, বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিকাল থেকে রয়েছে বইমেলা, আলোকচিত্র প্রদর্শনী, স্বরচিত কবিতা পাঠ, বিতর্ক, সংগীত, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্য, চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি অনুষ্ঠান। তৃতীয় ও শেষ দিনের অনুষ্ঠানমালাও আয়োজিত হবে হাকিম চত্বরে।

অনুষ্ঠান আয়োজক হিসেবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে আরও আছে কেন্দ্রীয় খেলাঘর আসর, সাংস্কৃতিক ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, রাজু বিতর্ক অঙ্গন, বিপ্লবীদের কথা, পরিবেশ বীক্ষা, সোমেন-তাজুল পাঠাগার ও জাতীয় সাহিত্য প্রকাশনী।