২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের নাটকে চঞ্চল

বিজয় দিবসের দুই নাটক ও একটি টেলিফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:32 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

বিজয় দিবসে দুটি একঘণ্টার নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এগুলো হল ‘সোনালি সকাল’ এবং ‘গৌরবের সেই বাড়ি’। ‘দরজার ওপাশে’ শিরোনামে একটি টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি।

বৃন্দাবন দাশের রচনায় ‘সোনালি সকাল’ এবং চয়নিকা চৌধুরীর ‘দরজার ওপাশে’ টেলিফিল্মে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন বলে গ্লিটজকে জানিয়েছেন চঞ্চল।

‘সোনালি সকাল’ নাটকে চঞ্চল পিতা-পুত্রের দ্বৈতচরিত্রে অভিনয় করেছেন। এতে ‘শহীদ’ নামের এক মুক্তিযোদ্ধার চরিত্রে রূপদান করছেন তিনি। মুক্তিযুদ্ধে শহীদ হন। বাবার মৃত্যুর চল্লিশ বছর পরেও তার ছেলে স্বাধীন দেখে গ্রামবাসীর মনে শহীদের স্মৃতি জাগরুক।

চঞ্চলের বিপরীতে মা ও স্ত্রীর ভূমিকাতে অভিনয় করেছেন শাহনাজ খুশী।  

অরুণ চৌধুরীর ‘গৌরবের সেই বাড়ি’ নাটকে দেখা যাবে, মুক্তিযুদ্ধের সময় একটি বাড়িতে নির্মম গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ভুতুড়ে বাড়ি আখ্যা দিয়ে বাড়িটিকে পরিত্যাক্ত ঘোষণা করে গ্রামবাসী। কেউ ভুলেও বাড়িটির আশপাশে যায় না। সাহসী চঞ্চল ও বিদেশফেরত সাদিয়া ইসলাম মৌ মিলে বাড়িটির ইতিহাস বের করে। একদিন বাড়িটি থেকে গ্যাস উদগিরণ হলে সরকার বাড়িতে গ্যাসকূপ স্থাপন করতে চায়। কিন্তু চঞ্চল ও মৌ প্রমাণ করে বাড়িটি আসলে বধ্যভূমি। তখন সরকারের ভুল ভাঙে। 

চয়নিকা চৌধুরীর ‘দরজার ওপাশে’ টেলিফিল্মে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ নাটকের অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপূ্র্ব ও মম।

এতে দেখা যাবে, রণাঙ্গনের দুই সহযোদ্ধা চঞ্চল ও অপূ্র্ব প্রবল বিক্রমে পাকহানাদের আস্তানা গুড়িয়ে দিতে থাকে। এক অপারেশনে গিয়ে আর ফিরে আসেন না অপূ্র্ব। তখন সবাই ধরে নেয় ‍মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তিনি। তার বিধবা স্ত্রীর সঙ্গে চঞ্চলের বিয়ে হয়ে যায়। যুদ্ধের চল্লিশ বছর পর ফিরে আসে অপূ্র্ব। তখন শুরু হয় সম্পর্কের টানাপড়েন। 

চঞ্চল চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রায় ২৫টি নাটকে আমি অভিনয় করেছি। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করা বরাবরই চ্যালেঞ্জিং।”

‘সোনালি সকাল’ নাটকটি বিটিভিতে প্রচারিত হবে। ‘দরজার ওপাশে’ টেলিফিল্মটি এটিএন বাংলায় রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে ।