২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারান ও রোহিতের সঙ্গে সালমান

কারান জহর এবং রোহিত শেঠির নতুন সিনেমায় অভিনয় করতে পারেন সালমান খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:06 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

মুম্বাই মিররের খবর অনুযায়ী, কারান অনেকদিন ধরেই সালমানের সঙ্গে কাজ করতে চাচ্ছিলেন। ‘চেন্নাই এক্সপ্রেস’এর সাফল্যের পর এবার কারান জহরের সঙ্গে হাত মিলিয়েছেন পরিচালক রোহিত শেঠি। তাই রোহিতের সঙ্গে মিলে এবার নতুন একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেবেন তিনি। আর অভিনেতা হিসেবে তার প্রথম পছন্দ সালমান।

এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রোহিতকে তার নতুন এই সিনেমার জন্য অনেক আগেই পরিচালকের আসনে বসিয়েছেন কারান। কিন্তু দুজনেই এখন ব্যস্ত আছেন তাদের শিডিউলের বাকি কাজগুলো নিয়ে। রোহিত লিখছেন ‘সিংহাম টু’-এর চিত্রনাট্য, এছাড়াও তিনি নির্মাণ করবেন তামিল সিনেমা ‘সুধু কাভইয়াম’-এর হিন্দি ভার্সন।

ওদিকে কারান নিজে একটি সিনেমা নির্মাণ করছেন। পাশাপাশি তার টিভি অনুষ্ঠান ‘কফি উইথ কারান’ তো চলছেই।

আর তাই সালমানের সঙ্গে নতুন ওই সিনেমার ব্যাপারে আলোচনা করতে আরও সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

সূত্রটি আরও জানিয়েছে, ইতোমধ্যেই নতুন এই সিনেমায় কাজ করার প্রতি আগ্রহ দেখিয়েছেন সালমান। তবে এখনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি।

সূত্র জানায়, সালমান খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। তিনি সবেমাত্র ‘জয় হো’ সিনেমার কাজ শেষ করেছেন, এখন শুরু করবেন ‘কিক’এর শুটিং। আর রোহিতের সিনেমার জন্য এখনও কয়েক দফা বৈঠকে বসতে হবে তাদের।

২০১৪ সালে মুক্তি পাবে সালমানের দুটি সিনেমা। অ্যাকশন ধাঁচের ‘জয় হো’ এবং কমেডি ধাঁচের ‘কিক’।