২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার উধাও

অমিত আশরাফ পরিচালিত থ্রিলার ধারার চলচ্চিত্র ‘উধাও’ শুক্রবার থেকে দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:00 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

পরিচালক অমিত গ্লিটজকে বলেন, “তিন ঘণ্টার সিনেমা না হলে বা নাচ-গান না থাকলে হলমালিক ও ডিস্ট্রিবিউটর সিনেমা হলে প্রদর্শনের জন্য নিতে চান না। তাই হল পেতে বেশ কষ্ট হচ্ছে।”

শুক্রবার থেকে বলাকা সিনেপ্লেক্সে এবং পরের সপ্তাহ থেকে খুলনার ময়ূর সিনেমা হলে প্রদর্শিত হবে ‘উধাও’।

অমিত জানান, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বড় শহরগুলোতে প্রদর্শনের জন্য হলমালিক ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথাবার্তা চলছে।

পরিচালক আরও বলেন, “চলচ্চিত্র প্রদর্শনের পুরনো ব্যবস্থা এখনও কাজ করছে। ডিস্ট্রিবিউটরদের রাজি করানো বেশ কষ্টের কাজ। নতুন ব্যবস্থা চালু হয়েছে কিন্তু তাতে কেউ ঝুঁকি নিতে চায় না।”

১০০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায় ৪ অক্টোবর। সে সময় কয়েক সপ্তাহ ধরে ঢাকার স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড এবং যমুনা ব্লকবাস্টারে প্রদর্শিত হয়।

নভেম্বরে অনুষ্ঠিত ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৩’-তেও অংশগ্রহণ করে চলচ্চিত্রটি।

কাজী হাউজ প্রোডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুমন আরেফিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিল আহমেদ, শাহেদ আলী, অনিমেষ আইচ, ঋতু সাত্তার, নওশাবা আহমেদ, শাহীন আক্তার স্বর্ণা, সাইফুল ইসলাম ও ইথিলা ইসলাম প্রমুখ।

চলচ্চিত্রটি ‘লোগান ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘কানাডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘গ্যেটেবর্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘পর্তুগাল আন্ডারগ্রাউন্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে অর্জন করেছে সাতটি আন্তর্জাতিক পুরস্কার।