বিজয় দিবসে মৌটুসী-মোশারফ
মাসুদ সেজান নির্মিত বিজয় দিবসের নাটক ‘কাকতাড়ুয়া’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য, আল আমিন ও টোকাই নাট্যদলের সদস্যরা।
নাটকটির কাহিনি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান রুদ্্র আরিফকে ঘিরে। বাবার স্বপ্ন সফল করতে দেশগড়ার কাজ করছেন তিনি। সেই ফাকে অনলাইনে একদিন পরিচয় হয় লিয়ের সঙ্গে। পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম। লি স্বপ্ন দেখতে শুরু করে রুদ্রকে কানাডায় এনে সুখের সংসার গড়বে। কিন্তু রুদ্রর কাজ তখনও শেষ হয়নি। এ নিয়ে রুদ্রর মধ্যে টানাপড়েন শুরু হয়। এরই মধ্যে জানা যায় লি ওরফে আকলিমা রাজাকারের সন্তান।
এ বিষয়ে নাট্যকার ও পরিচালক মাসুদ সেজান গ্লিটজকে বলেন, “বিজয় দিবসের উদ্দেশ্যে তৈরি করা হলেও কাকতাড়ুয়া এই সময়ের একটি নাটক। যুদ্ধ পরবর্তী প্রজন্মের দেশপ্রেম ও কমিটমেন্টের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে।”
মৌটুসী বিশ্বাস বলেন, “বিজয় দিবস উপলক্ষে নির্মিত এ নাটকটি ভিন্ন ধারার। এর আগেও বিজয় দিবসের অনেক নাটকে অভিনয় করেছি, এই নাটকটি সেই নাটকগুলো থেকে একবারেই ব্যতিক্রম। নাটকে আমি একজন বিদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছি এর জন্য আমার গেটআপ মেকআপও চেঞ্জ করতে হয়েছে।”
নাটকটি বিজয় দিবসের রাত ৯টা ৫মিনিটে প্রচারিত হবে বাংলাভিশনে।
