বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ১২টি মঞ্চে ‘বিজয় উৎসব’ অনুষ্ঠান পরিবেশন এবং ১৩ স্থানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
১৩ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিজয় উৎসব চলবে বলে জানিয়েছেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
তিনি গ্লিটজকে বলেন, “অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও এ দেশের সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই সবার প্রত্যাশা।”
তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার, রায়েরবাজার স্মৃতিসৌধ, রবীন্দ্র সরোবরের ভাষা সংগ্রামী আমানুল হক মঞ্চ, দনিয়ায় ভাষা সংগ্রামী জিল্লুর রহমান মঞ্চ, দনিয়ায় অভিনেতা আনোয়ার হোসেন চলচ্চিত্র মঞ্চ, তিন নেতার সমাধিস্থলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ শিশু-কিশোর মঞ্চ, , স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাবক রফিকুল ইসলাম চলচ্চিত্র মঞ্চ, মিরপুরে সংগীতশিল্পী সোহরাব হোসেন মঞ্চ, মিরপুরে আবদুর রহমান বয়াতী মঞ্চ, মিরপুরে শব্দ সৈনিক বিপুল ভট্টাচার্য মঞ্চ, উত্তরায় নাট্যকার আতিকুল হক চৌধুরী মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান পরিবেশিত হবে।
১৩ স্থানে ভ্রাম্যমান মঞ্চে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।
তিনি আরও জানান, দনিয়ার দুই মঞ্চে ১৪, ১৫, ১৬ ডিসেম্বর; মিরপুরের তিন মঞ্চে ১৫, ১৬, ১৭ ডিসেম্বর এবং স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের মঞ্চে চলচ্চিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শিত হবে।
তিনি আরও জানান, নাসির উদ্দীন ইউসুফকে আহ্বায়ক, গোলাম কুদ্দছ ও ঝুনা চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক, হাসান আরিফকে সমন্বয়কারী ও আহকাম উল্লাহকে যুগ্ম-সমন্বয়কারী মনোনীত করে ‘বিজয় উৎসব ২০১৩’ আয়োজনে একটি কমিটি গঠন করা হয়েছে। সে সঙ্গে উৎসব কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে ১৪টি উপ-পরিষদ।
