২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ছাড়ছেন স্টিলার

মার্কিন অভিনয়শিল্পী বেন স্টিলার জানিয়েছেন শিঘ্রই অভিনয় ছেড়ে দেবেন তিনি। ‘দি সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিট্টি’ সিনেমাটি পরিচালনা করার পর এখন অভিনয় ছেড়ে ক্যামেরার পিছনেই কাজ করার পরিকল্পনা করছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 06:04 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ‘দি সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিট্টি’ সিনেমাটি নির্মাণে তিন বছর সময় লেগেছে স্টিলারের। আর এ সময়টি তিনি খুবই উপভোগ করেছেন। স্টিলারের মতে এটি তার জীবনের মূল্যবান একটি অভিজ্ঞতা ছিল এবং অনেক বড় পাওয়া।

স্টিলার বলেন, “পরিচালনায় আমি অনেক স্বাধীনতা উপভোগ করতে পারি। আমি বিভিন্ন ধরনের সিনেমা নির্মাণ করতে পারি। অভিনেতা হিসেবে যে সীমাবদ্ধতাগুলো থাকে তা পরিচালনায় থাকে না। আর তাই পরিচালনায় কাজ করতে চাই আমি। আর সে জন্য অভিনয় ছাড়তেও আপত্তি নেই আমার।”

স্টিলার বলেন ২০০৮ সালের ‘ট্রপিক থান্ডার’ সিনেমায় অভিনয়ের চাইতে পরিচালনাই তার কাছে বেশি উপভোগ্য ছিল। সিনেমাটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছিলেন রবার্ট ডাউনি জুনিয়র।