তপন চৌধুরীর নতুন তিন অ্যালবাম
কণ্ঠশিল্পী তপন চৌধুরী এখন ব্যাস্ত দুটি একক ও দ্বৈত অ্যালবামের কাজ নিয়ে।
এ প্রসঙ্গে তিনি গ্লিটজকে জানান, মৌলিক গান নিয়ে সাজানো হচ্ছে তার একক অ্যালবাম। অ্যালবামের গানের কথা লিখছেন মিলন খান ও কবির বকুল। গানগুলোর সুরারোপ করেছেন সুবীর নন্দী, মলয় চাকী এবং উজ্জ্বল সিনহা। অ্যালবামটির সিংহভাগ কাজ শেষ হয়ে গেছে এরমধ্যেই।
২০১৪ সালের শুরুতে অ্যালবামটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে তার।
অন্যদিকে, তার গাওয়া জনপ্রিয় ২০টি গানের সংকলন নিয়ে সাজানো হচ্ছে আরেকটি একক অ্যালবাম।
এই এককের পাশাপাশি শাকিলা জাফরের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামের কাজও এগিয়ে চলছে। মৌলিক গান নিয়ে সাজানো এ অ্যালবাম ভালোবাসা দিবসে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, স্ট্রিট শো ‘রাত-বিরাতে’-র মঙ্গলবারের পর্বের অতিথি হয়ে আসছেন তপন চৌধুরী।
অনুষ্ঠান প্রসঙ্গে তপন চৌধুরী গ্লিটজকে বলেন, “এ অনুষ্ঠানে আমার ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ ঘটনা দর্শকের সঙ্গে শেয়ার করব। এ অনুষ্ঠানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।”
স্ট্রিট শো ‘রাত-বিরাতে’ আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
