শ্রাবন্ত হাবিব পুরস্কৃত
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী ‘তারেক মাসুদ উৎসব’-এ তরুণ চলচ্চিত্র পরিচালক হিসেবে ‘স্মৃতিময় বাড়ির মৃত্যু’ নামে চলচ্চিত্রের জন্য বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন শ্রাবন্ত হাবিব।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করে এ উৎসবের।
পুরস্কার হিসেবে শ্রাবন্ত হাবিবের হাতে সনদ তুলে দেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ক্যাথরিন মাসুদ। উৎসবে দশটি ছবি প্রদর্শিত হয়। এর মধ্যে তিনটি ছবি পুরস্কারের জন্য মনোনীত হয়।
বাংলাদেশের চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব, প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান এবং তার বড়ভাই শহীদুল্লাহ কায়সার কায়েতটুলির বিকে গাঙ্গুলী লেনের ২৯ নম্বর বাড়িতে বসবাস করতেন। সে বাড়ি নিয়ে নির্মিত হয় এই প্রামাণ্যচিত্র।
শ্রাবন্ত হাবিব বলেন, “এ বাড়িতেই শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হানের মতো ব্যক্তি বাস করতেন। অনেক ইতিহাসের সাক্ষী এই বাড়ি। এই বাড়িকে আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি। এমন স্মৃতি বিজড়িত একটি বাড়ি সেলুলয়েডে ধরে রাখা দরকার বলে মনে করেছি”।
শ্রাবন্ত হাবিব এর আগে ‘পরিবর্তন চাই’ এবং ‘মুক্তির আদেশ’ নামে দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন ।
