বৈচিত্র্যেই জীবন
‘বৈচিত্র্যেই জীবন’ শিরোনামে প্রতিবন্ধিতাবিষয়ক জাতীয় চলচ্চিত্র উৎসব সোমবার থেকে টিএসসিতে শুরু হয়েছে। তিনদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
সকালে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক ড. নাফিসুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি বিশ্বাস রিয়াজুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক নাবীল আল জাহান গ্লিটজকে জানান, উৎসবে বাংলাদেশ ছাড়াও আরও ৩টি দেশের মোট ১২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মোট ৪টি সেশনে প্রতিদিন চারটি চলচ্চিত্র প্রদর্শনী হবে। উৎসবের সময়সূচি সকাল ১০টা, দুপুর ১টা, বিকাল ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৫টা।
উৎসবের প্রথমদিন প্রদর্শিত হচ্ছে ‘বিহঙ্গ’, ‘রেডিও’, ‘রেইন মেন’, ‘ফরেস্ট গাম্প’। দ্বিতীয়দিন যথাক্রমে প্রদর্শিত হবে ‘বেনি ও জুন’, ‘কালার অব প্যারাডাইস’, ‘ব্ল্যাক’, ‘দ্য এইটথ ডে’। তৃতীয়দিন প্রদর্শিত হবে ‘ইনসাইড আই এম ড্যান্সিং’, ‘টেম্পল গ্রান্ডিয়ান’, ‘ম্যান অব অনার’ এবং ‘বারফি’।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নির্মাতা মোরশেদুল ইসলাম, গাজী রাকায়েত, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, আবু শাহেদ ইমন প্রমুখ।
উৎসবের সহযোগিতায় রয়েছে সাইটসেভার্স।
