২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার কথায় হাসলেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফের বিয়েতে নাচবেন কারিনা কাপুর খান, এই মন্তব্য শুনে হেসেছেন ক্যাট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 03:53 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

যদিও নিজেদের মধ্যকার প্রেমের সম্পর্ককে এখনও মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু এ নিয়ে বেফাঁস মন্তব্য করেন রণবীরের বোন কারিনা।

কারান জহরের অনুষ্ঠান ‘কফি উইথ কারান’-এ সম্প্রতি অংশ নিয়ে ভাই রণবীর এবং তার প্রেমিকা ক্যাটরিনার ব্যাপারে অনেক বেফাঁস কথা বলে ফেলেছেন এই বলিউডি অভিনেত্রী। রণবীরের বিয়েতে ক্যাটরিনার ‘চিকনি চামেলি’ এবং ‘শিলা কি জাওয়ানি’ গানের সঙ্গে নাচার ইচ্ছা প্রকাশ করেন কারিনা।

অনুষ্ঠানের এক পর্যায়ে দুষ্টুমি করে কারিনা তার ভাইকে জিজ্ঞাসা করেন, “তুমি কি ক্যাটরিনাকে ভালোবাস?’ 

এমনকি ক্যাটরিনাকে ‘ভাবি’ বলেও সম্বোধন করেন তিনি।

কারিনার এই বেফাঁস কথা মিডিয়াতে ব্যাপক ঝড় তুললেও বিষয়টি খুব ভালোভাবেই সামলে নিয়েছেন ক্যাটরিনা।

আইবি টাইমসের খবর অনুযায়ী, কারিনার এই মন্তব্যে মোটেই ক্ষুব্ধ হননি ক্যাটরিনা। বরং খবরটি হেসে উড়িয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে তিনি বলেন, “কারিনা একজন চমৎকার মানুষ। কিন্তু ঐ অনুষ্ঠানে তিনি অনেক কথাই ঠাট্টা করে বলেছেন। এ ধরনের কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত নয়।”

ক্যাটরিনা আরও বলেন, “আমি যাকে বিয়ে করি এবং যখনই বিয়ে করি, আমি খুবই খুশি হব, যদি কারিনা আমার বিয়েতে নাচেন। তিনি চমৎকার নাচতে পারেন।”

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমার পর ‘জাগগা জাসুস’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো রণবীরের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন ক্যাটরিনা। সিনেমাটি মুক্তি পাবে ২০১৪ সালে।