গাগার গাঁজা-আসক্তি
তারকাখ্যাতির চাপ থেকে নিজেকে মুক্ত করতে গাঁজা সেবন করেন পপ গায়িকা লেডি গাগা।
২৭ বছর বয়সী গাগা জানান, “খ্যাতির সঙ্গে মানিয়ে” চলার জন্য মাদক তাকে সাহায্য করেছে।
যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ফিমেলফার্স্টকে গাগা বলেন, “আমি একটি জিনিস খুবই ভালোবাসি। তা হল, যখন গাঁজায় একটি সুখটান দেই আমি একদম ভুলে যাই আমি কতটা বিখ্যাত। আমার মনে হয় আমি আবার ১৭ বছরের কিশোরী হয়ে গেছি। এর মত চমৎকার আর সৃজনশীল জিনিস খুব কমই আছে!”
মাদকের ভক্ত হলেও সম্প্রতি গাগা প্রতিজ্ঞা করেছেন, মাদক সেবনকে “নিয়ন্ত্রণের মধ্যে” রাখবেন তিনি। কারণ গায়িকা এমি ওয়াইনহাউজের মতো অকাল মৃত্যু কাম্য নয় তার।
গাগা বলেন, “আমি নিজে বাঁচতে চাই, আর চাই আমার ভক্তরাও বেঁচে থাকুক। আমি চাই না আমার ভক্তরা নিজের উপর অত্যাচার করুক, যেভাবে আমি একসময় নিজের উপর করতাম।”
অতিরিক্ত মাদকসেবনের কারণে এ পর্যন্ত অকালমৃত্যুর শিকার হয়েছেন পশ্চিমা অনেক তারকাই। ২০১১ সালে ২৭ বছর বয়সে মারা যান পপতারকা এমি ওয়াইনহাউজ; পরবর্তীতে জানা গেছে অতিরিক্ত মদ্যপানই ছিল তার মৃত্যুর কারণ। চলতি বছরের মাঝামাঝিতে অভিনেতা কোরি মনটিথ মারা যান হেরোইন এবং অতিরিক্ত মদ্যপানের কারণে। মাদকসংশ্লিষ্ট মৃত্যুর ওই তালিকায় আছেন হুইটনি হিউস্টন এবং কার্ট কোবেইনের মতো তারকাও।
