বিরতি চান লরেন্স
ব্যক্তিগত জীবন উপভোগের জন্য পেশাগতজীবন থেকে স্বল্প বিরতি নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী জেনিফার লরেন্স।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘উইন্টারস বোন’ যখন প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনীত হল, এরপর থেকে ব্যস্ততা শুধু বেড়েছেই লরেন্সের। লরেন্স সম্প্রতি স্বীকার করেছেন, কাজের চাপে নিজের ব্যক্তিগত জীবনকে ভুলতে বসেছেন তিনি।
তবে লরেন্সের মতে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কিছু সময়ের জন্য এবার বিরতি নিতে পারেন তিনি।
ইউএসএ টুডেকে লরেন্স বলেন, “আমি ক্যারিয়ার গড়ে ফেলেছি। এখন একজন মানুষ হিসেবে জীবন গড়তে হবে। আমার এখন একটি গৃহ প্রয়োজন, সমাজের মানুষদের সঙ্গে মেলামেশা করা প্রয়োজন আর কিছুদিন কাজ থেকে দূরে থাকা প্রয়োজন।’
চলতি বছরের শুরুতে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারের প্রথম অস্কার লাভ করেছিলেন লরেন্স। এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘আমেরিকান হাসল’ মুক্তির আগেই গুঞ্জন শোনা যাচ্ছে, এই চলচ্চিত্রের জন্য তার ভাগ্যে জুটতে পারে আরেকটি অস্কার।
