তারেক মাসুদ উৎসব
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘তারেক মাসুদ উৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও শিল্পকলা একাডেমি।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ক্যাথরিন মাসুদ গ্লিটজকে বলেন, “দুই দিনের এই আয়োজনে তারেক মাসুদের সৃজনশীল কর্মজীবনকে দর্শকের সামনে তুলে ধরা হবে।”
উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হবে তারেক মাসুদ স্মারক বক্তৃতা, তার চলচ্চিত্রের চিত্রনাট্য ও গানের সংকলিত গ্রন্থ ‘চলচ্চিত্র লেখা: চিত্রনাট্য ও গান’ বইয়ের প্রকাশনা। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লেখক সৈয়দ শামসুল হক, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।
এবারের স্মারক বক্তৃতার বিষয় ‘সিনেমার জাতীয় পরিভাষা নির্ণয়ের আকাক্সক্ষা ও তারেক মাসুদের আদম সুরত।’ স্মারক বক্তৃতা প্রদান করবেন নির্মাতা নুরুল আলম আতিক।
আতিক বলেন, “স্মারক বক্তৃতায় তারেক মাসুদের চলচ্চিত্র ভাবনা, বাংলাদেশের চলচ্চিত্রে নিজস্ব ভাষা নির্মাণ, উত্তরণের সম্ভাবনা ও পথ খোঁজা নিয়ে আলোচনা করব।”
আয়োজকরা জানিয়েছেন, ১৯৯১ সালে চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদের ‘আদম সুরত’ চলচ্চিত্রটির ডিজিটাল রূপান্তর করা হয়েছে। উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে এই সিনেমা।
সম্প্রতি আয়োজন করা হয় ‘তারেক মাসুদ ¯^ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’। এ প্রতিযোগিতার নির্বাচিত ১০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে উৎসবের দ্বিতীয় দিন। প্রদর্শনী শেষে সেরা নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ ইয়ং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’। আরও থাকছে প্রসূন রহমানের তথ্যচিত্র ‘ফেরা’র ডিভিডির প্রকাশনা। তারেক মাসুদের ওপর নির্মিত এ তথ্যচিত্রের ডিভিডি প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উন্নয়নকর্মী খুশি কবির।
বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের সক্রিয় কর্মী তারেক মাসুদ চলচ্চিত্র নির্মাণ শুরু করেন ১৯৮২ সালে। ১৯৮৯ সালে মুক্তি পায় প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ মুক্তি পেলে নির্মাতা হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে দেশে-বিদেশে।
২০০২ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’। বেশ কটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। সেগুলো হল ‘আ কাইন্ড অফ চাইল্ডহুড’, ‘নারীর কথা’, ‘মুক্তির কথা’, ‘ইন দ্য নেইম অফ সেফ্টি’, ‘ভয়েসেস অফ চিলড্রেন’, ‘ইউনিসন ও সে’।
তিনি ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য।
২০১১ সনের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় বন্ধু ও সহকর্মী মিশুক মনিরসহ নিহত হন তারেক মাসুদ।
