রিয়েলিটি শো ‘বাংলাদেশ ফার্স্ট’
স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশকে জানার আগ্রহ বাড়ানোর জন্য অক্টোবর থেকে প্রচারিত হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাদেশ ফার্স্ট’।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, প্রকৃতি, আইনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের আগ্রহ সৃষ্টির জন্য আয়োজিত এই কুইজের আসর উপস্থাপনা করছেন ফেরদৌস বাপ্পী।
সারাদেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজক ‘চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কম’।
‘বাংলাদেশ ফার্স্ট’ সম্পর্কে এর আয়োজক ‘চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডট কম’-এর সিইও রাসেল টি. আহমেদ জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর-- দেশের এই ৭টি বিভাগের নির্দিষ্ট ভেন্যুতে বাংলাদেশ ফার্স্ট-এর প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জুরি রাউন্ডের মাধ্যমে ৬৪টি টিম নির্বাচিত করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে এই টিমগুলো পরবর্তী পর্বের জন্য নিজেদের জায়গা করে নিয়েছে টিভি রাউন্ডের জন্য।
সারা দেশের প্রায় ৮০টি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৮ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ১২৮ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়।
অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। ফেব্রুয়ারির মাঝামাঝি সেমিফাইনালের বিজয়ীদের নিয়ে বসবে গ্র্যান্ড ফিনালে। ‘বাংলাদেশ ফার্স্ট’-এর চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম ও দ্বিতীয় রানারআপ দলের জন্য থাকছে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকা।
এই শো’র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ফেইসবুক ও মোবাইল গেইমস। গেইমার বাংলাদেশের উপর বিষয়ভিত্তিক খেলতে পারবেন বা সব ধরনের প্রশ্ন নিয়ে সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। মোট ৬টি বিষয় নিয়ে সাজানো হয়েছে বিষয়ভিত্তিক রাউন্ড। গেইমার তার পছন্দমতো বিষয় নিয়ে খেলতে পারবেন। প্রতিটি প্রশ্নের নৈর্ব্যক্তিক উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় ১৫ সেকেন্ড। কোনো প্রশ্ন না পারলে এড়িয়ে যাওয়া যাবে। তবে ভুল উত্তর দিলে সেখানে গেইমস শেষ। প্রশ্নের উত্তরের পাশাপাশি রয়েছে বিস্তারিত বিবরণ। গেইমসটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড মোবাইল স্টোরে এবং ফেইসবুকের ‘বাংলাদেশ ফার্স্ট’ পেইজে।
মাছরাঙা টিভিতে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হচ্ছে এই রিয়েলিটি শো।
