সাইফ-কারিনার নতুন বাড়ি
মুম্বাইয়ের বান্দ্রায় একই এপার্টমেন্ট ভবনে দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান।
নবাব পরিবারের ছেলে হিসেবে সবসময়ই বিলাসবহুল জীবন কাটিয়েছেন সাইফ। আর প্রসঙ্গ যখন বেগমকে নিয়ে মুম্বাইয়ের মতো শহরে বসবাস করার, তখন বিলাসিতার পরিমাণ একটু বেশি হবেই। স্ত্রীর জন্য তাই ৪৮ কোটি রুপি দিয়ে এবার কিনে ফেললেন চার ফ্লোরের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট।
ডিএনএ জানিয়েছে, চার ফ্লোরের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাটের প্রতিটি ফ্লোরের আয়তন তিন হাজার বর্গফুট, আর একেকটির মূল্য ১২ কোটি রুপি।
সাইফ বড় ধরনের বাড়িতে থাকতে পছন্দ করেন। বান্দ্রার আগের ফ্ল্যাটে অনেক বছর ধরে বসবাস করছেন সাইফ-কারিনা, এখন তাদের মনে হয়েছে আরও বড় কোনো বাসস্থান খুঁজে নেওয়া দরকার। আর তাই নতুন এই ফ্ল্যাট কিনে ফেললেন দুজন।
সূত্রটি জানিয়েছে, নতুন বাড়ির জন্য অনেক পরিকল্পনা আছে সাইফের। তিনি ভাবছেন ছাদের উপর বাগান করবেন। এক ফ্ল্যাটে সুইমিং পুল রাখবেন, আরেকটিতে ব্যায়ামাগার বানাবেন। বইপ্রেমী সাইফ নিজের প্রিয় বইগুলোর জন্য বড় একটি লাইব্রেরি বানানোর ইচ্ছা রাখেন।
বর্তমানে ‘ফরচুন হাইটস’ এপার্টমেন্টে বসবাস করছেন সাইফিনা। এই এপার্টমেন্টে তাদের রয়েছে দুটি ফ্ল্যাট। দোতলার ফ্ল্যাটটি হল সাইফের প্রোডাকশনের অফিস, আর উপরে রয়েছে তাদের বাসা।
সূত্রটি আরও জানিয়েছে, সাইফিনার নতুন ফ্ল্যাট দুটি সাজাবেন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার নজের ওয়াদিয়া, তিনি এর আগে অমিতাভ বচ্চন এবং অর্জুন রামপালের বাড়ি সাজিয়েছেন। সাইফ এবং কারিনা দুজনেই নিজেদের পছন্দ অপছন্দ জানিয়েছেন নজেরকে।
সূত্র আরও জানায়, নতুন ফ্ল্যাটগুলোর ডিজাইনের ব্যাপারে নজর দিচ্ছেন কারিনা। চারটি ফ্ল্যাটের একটি ২০১৪ সালের মাঝামাঝি সময়ে তৈরি হয়ে যাবে,আর তখন নিজেদের বর্তমান ফ্ল্যাটটি ভাড়া দিয়ে নতুন ফ্ল্যাটে উঠবেন এই দম্পতি।
