২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে ব্যস্ত অগ্নিলা

দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী অগ্নিলা ইকবাল। অগ্নিলা এখন অভিনয় করছেন আলী ফিদা একরাম তোজোর  ‘পরিবার পরিকল্পনা’ ধারাবাহিকে। ১০০ পর্বের এই ধারাবাহিকটি প্রযোজনা করছেন মাহফুজ আহমেদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 04:55 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

অগ্নিলা গ্লিটজকে জানিয়েছেন, এটি তার অভিনীত তৃতীয় ধারাবাহিক। এতে  তিনি এক সহজ সরল মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

অগ্নিলা জানান, সম্প্রতি এশা ইউসুফের পরিচালনায় ‘একটি ফুলকে বাঁচাব বলে’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে মোস্তফা কামাল রাজের একটি একঘণ্টার নাটকে তিনি অভিনয় করবেন।

অগ্নিলা বলেন, “দেশে ফিরে অভিনয়ে নিয়মিত হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। গিয়াসউদ্দিন সেলিমের ধারাবাহিকে অভিনয়ের পর পরিচালকরা দারুণ সব চিত্রনাট্য নিয়ে আসছেন। চরিত্রগুলোও ভালো লাগছে। তাই অভিনয়ে আবার নিয়মিত হচ্ছি।”

এর আগে ২০০১ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘বিপ্রতীপ’ ধারাবাহিকে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন তিনি। দর্শক ও নির্মাতারা যখন তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, ২০০২ সালে তখনই তিনি পাড়ি জমান কানাডায়। অগ্নিলা দেশে ফেরেন ২০১০ সালে। দেশে ফিরে ২০১২ সালে অভিনয় করেন গিয়াসউদ্দিন সেলিমের ‘রোদ’ ধারাবাহিকে। তারপর আবার কানাডায় চলে যান।

ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে ডেবলপমেন্ট স্টাডিজে স্নাতক অগ্নিলা জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন। দুস্থ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন।