মুক্তিযোদ্ধা চরিত্রে শ্যামল মাওলা
বিজয় দিবস উপলক্ষে নির্মিত একঘণ্টার নাটক' প্রিন্সেস জরিনা’তে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন শ্যামল।
শ্যামল জানিয়েছেন, এ নাটকে তিনি মুক্তিযোদ্ধা' হারুন’ চরিত্রে রূপদান করেছেন। তার বিপরীতে' জরিনা’ চরিত্রে অভিনয় করেছেন তিশা।
এতে দেখা যাবে, ঘটনাচক্রে নৃত্যশিল্পী জরিনার বাড়িতে আশ্রয় নেন হারুন। একপর্যায়ে তারা একে অপরের প্রেমে পড়েন। জরিনা গোপনে মুক্তিযোদ্ধাদের অর্থ সাহায্য পাঠান। জরিনার উৎসাহে হারুন একদিন মুক্তিযুদ্ধে যান।
শ্যামল আরও জানিয়েছেন, বিজয় দিবস উপলক্ষে অঞ্জন আইচের ‘অর্ধেক সূর্যগ্রহণ’ নাটকে অরণ্য নামে এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এতে দেখা যাবে, মুক্তিযুদ্ধের দুর্লভ কিছু ছবি নিয়ে এক অসৎ ব্যক্তি ব্যবসা পেতে বসে। ঘটনার অনুসন্ধানে নায়ক অরণ্য জানতে পারেন ছবিগুলো আসলে তার নয়। ছবিগুলোর আলোকচিত্রী মুক্তিযুদ্ধে নিখোঁজ। অরণ্য আসল ফটোগ্রাফারকে খুঁজতে শুরু করেন।
‘প্রিন্সেস জরিনা' প্রচারিত হবে মাছরাঙায় এবং' অর্ধেক সূর্যগ্রহণ’ প্রচারিত হবে এস.এ টিভিতে।
শ্যামল এখন সাফায়েত মনসুর রানার' ইচ্ছেঘুড়ি’, অনিমেষ আইচের' বিন্দু বিসর্গ’ ধারাবাহিকে অভিনয় করছেন। গোলাম সোহরাব দুদুলের নাম ঠিক না হওয়া একটি ধারাবাহিকেও অভিনয় করবেন বলে জানান শ্যামল।
