আমৃত্যু ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’
২০০১ সালে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস যখন সিনেমা হলগুলোতে প্রথমবারের মতো থ্রিলারপ্রেমী দর্শক মাতাচ্ছে, সে সময় মূলচরিত্র ব্রায়ান ও’কনরের রূপদানকারী পল ওয়াকারের ক্যারিয়ারও যেন ফার্স্ট গিয়ার থেকে চলে গেল সেকেন্ড গিয়ারে। এর পর থেকে ফাস্ট অ্যান ফিউরিয়াস সিরিজের প্রতিটি সিনেমায় যেন গিয়ার পাল্টে সামনে এগিয়েছেন পল ওয়াকার। সে গিয়ারের রূপক যেমন সত্যি ছিল তার জনপ্রিয়তায়, তেমনি প্রতিটি সিনেমার বাজেটে এমনকি বক্স অফিসে লাভের খাতায়ও।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের আগে ক্যারিয়ার কেমন ছিল পল ওয়াকারের? সে হিসেবটি জানতে হলে সম্ভবত প্রত্যেক সিনেমাপ্রেমীকেই চোখ বুলাতে হবে আইএমডিবির তালিকায়। জনপ্রিয়তার মাপকাঠিতে ক্যারিয়ারে প্রথম দেড় দশকে তিনি ছিলেন একেবারেই অপরিচিত। টিভি দর্শকরা তাকে কেবল চিনতেন জনপ্রিয় টিভি সিরিজ হাইওয়ে টু হেভ্ন-এর কিশোর অভিনেতা হিসেবে।
ওয়াকারের জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৭৩ সালে। ক্যালিফোর্নিয়ার ছেলে ওয়াকারের মা ছিলেন একজন ফ্যাশন মডেল, আর বাবা ছিলেন মিস্ত্রী। দুই বছর বয়সে মায়ের হাত ধরে শোবিজ জগতে প্রবেশ করেন ওয়াকার। ‘হাইওয়ে টু হেভ্ন’ ছাড়াও ‘হুজ দ্য বস’ এবং ‘দ্য ইয়াং অ্যান্ড রেস্টলেস’এ অভিনয় করেছিলেন সেই ছোট্ট বয়সেই।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর প্রথম সিনেমায় অ্যাকশন হিরো ভিন ডিজেলের সঙ্গে ওয়াকারের দুর্দান্ত জুটি তাকে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। সে জনপ্রিয়তা এতটাই ছিল যে, সারাবিশ্বে ওয়াকার নন, বরং এই সিনেমায় তার অভিনীত চরিত্র ব্রায়ান ও’কনর হিসেবেই পরিচিতি পান তিনি।
ট্র্যাক রেকর্ডের খাতা টানলে তার ক্যারিয়ারে নব্বই দশকের ‘প্লেজেন্টভিল’, ‘ভার্সিটি ব্লুজ’ এবং ‘শি’জ অল দ্যাট’-- এ তিনটি সিনেমার নাম বলতে হয়। তবে, পল ওয়াকারের ক্যারিয়ার মানে আদতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
হলিউডি সিনেমার ইতিহাসে ৭ পর্বে পৌঁছানো মুভি সিক্যুয়েলের নাম হাতে গুনে বলে দেওয়া সম্ভব। ওই তালিকার অন্যতম হিসেবে চলে আসে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নাম। তবে ওই সিরিজে পাওয়া খ্যাতি তাকে সুযোগ করে দেয় ‘ইন টু দ্য ব্লু’সহ বিভিন্ন সিনেমায়। অ্যাকশন ধাঁচে তৈরি ২০০৫ সালের ওই সিনেমায় জেসিকা অ্যালবার সঙ্গে দেখা গেছে ওয়াকারকে। পরবর্তী বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা: অ্যাডভেঞ্চার মুভি ‘এইট বিলো’ এবং অ্যাকশন মুভি ‘রানিং স্কেয়ার্ড’। তবে, আইএমডিবিতে ৭ রেটিং পাওয়া দুটি সিনেমা সম্ভবত তার অভিনয়দক্ষতার চেয়ে জনপ্রিয়তার মাপকাঠির সাক্ষ্য দেয় বেশি। ক্যারিয়ারে কেবল উল্লেখযোগ্য পুরস্কার একবারই পেয়েছেন পল, এমটিভি মুভি অ্যাওয়ার্ড, ২০০২ সালে, ‘বেস্ট অন স্ক্রিন টিম’ হিসেবে ভিন ডিজেলের সঙ্গে।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজটির এ যাবত ৬টি পর্বে নির্মাতাদের খরচ হয়েছে প্রায় ৫৭ কোটি ডলার। আর ওই খরচের বিপরীতে বক্স অফিস থেকে আয় হয়েছে প্রায় ২৩৮ কেটি ডলার। বলা বাহুল্য, পল ওয়াকারের পকেটও ভারী হয়েছে প্রতিটি ব্যবসাসফল প্রজেক্টের কল্যাণে। তবে, দানবীয় গতিতে গাড়ি চালানো ওই ভারী পকেটের মালিক শেষ পর্যন্ত পরিচয় দিয়েছেন মানবিকতারই।
২০১০ সালে তিনি শুরু করেন ‘রিচ আউট ওয়ার্ল্ডওয়াইড’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। সারাবিশ্বে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদের সেবার জন্য নিয়োজিত আছে প্রতিষ্ঠানটি। ২০১০ সালে হাইতিতে মারাত্মক ভূমিকম্পের পর নিজের দলের সঙ্গে সাহায্য বিতরণ করতে হাইতি গিয়েছিলেন ওয়াকার। এমনকি ৩০ নভেম্বর মৃত্যুর আগেও ফিলিপাইনের টাইফুন দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করতে স্যান্তা ক্লারিটা যান তিনি।
মেরিন বায়োলজি অর্থাৎ সামুদ্রিক জীববিদ্যা বিষয়ের উপর ব্যাপক আগ্রহ ছিল ওয়াকারের। ভালোবাসতেন সমুদ্রে সার্ফ করতে এবং সৈকতে ঘুরে বেড়াতে। ২০১০ সালে তিনি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটি প্রামাণ্যচিত্রে অংশ নেন, যার নাম ছিল ‘এক্সপিডিশন গ্রেট হোয়াইট’। মেক্সিকোর উপকূলে ১১ দিন ধরে ন্যাশনাল জিওগ্রাফিক টিমের সঙ্গে গ্রেট হোয়াইট শার্ক নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করেছিলেন ওয়াকার, আর এটি ছিল তার সারাজীবনের স্বপ্ন।
তবে তার শেষ ভালোবাসা সম্ভবত ছিল দ্রুতগতির গাড়িই। হয়তো কখনও জানা সম্ভব হবে না পোর্শে জিটিথ্রি নিয়ে ফিফথ গিয়ারে কখনও ৩০০ কিলোমিটার গতিতে তিনি ড্রাইভ করতে পেরেছেন কি না। তার আগেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস পল ক্যারিয়ারের সপ্তম গিয়ারে পৌঁছানোর আগেই থেমে গেল তার জীবনের চাকা।
