২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ‘জয় হো’

সিনেমা হলে এবার ভক্তদের উপস্থিতিতে নতুন সিনেমা ‘জয় হো’র ট্রেইলার উদ্বোধন করবেন অভিনেতা সালমান খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সালমানের ভাই এবং এই সিনেমাটির পরিচালক সোহেল খানের বুদ্ধিতেই এই অভিনব প্রচারণা করবেন সালমান। আর বলিউডের ইতিহাসে এ ধরনের প্রচারণা হবে এই প্রথম।

এমনিতে সাধারণত সাংবাদিকদের উপস্থিতিতে কোনো হিন্দি সিনেমার ‘ফার্স্ট লুক’ উন্মোচন করা হয়। সিনেমার মুখপাত্র জানিয়েছেন, মুম্বাইয়ের সিনেমা হল ‘চন্দন’এ ৫ ডিসেম্বর দর্শকদের সঙ্গে ট্রেইলারের উদ্বোধন করবেন সালমান।

তিনি আরও জানান, এমনিতে যদিও সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার ট্রেইলার উদ্বোধন করা হয়। কিন্তু এবার সালমান চাইছেন যেন সাধারণ মানুষ তার নতুন সিনেমার এক ঝলক সবার আগে দেখতে পায়।

তিনি উপস্থিত দর্শকদের সঙ্গে সিনেমার ট্রেইলারের ব্যাপারে কথা বলবেন এবং তাদের মতামত জানতে চাইবেন।

‘জয় হো’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে একজন সাধারণ মানুষকে ঘিরে, যিনি অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে একা লড়ে যান। এটি হবে তামিল সিনেমা ‘স্ট্যালিন’এর হিন্দি রিমেক। সিনেমায় সালমানের সঙ্গে আরও অভিনয় করেছেন টাবু, ডেইজি শাহ এবং ড্যানি ডেনজংপা।

সোহেল খান পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২৪ জানুয়ারি।