অ্যালবাম কভারে একসঙ্গে মেয়ার-পেরি
জন মেয়ারের নতুন সিঙ্গেল ‘হু ইউ লাভ’এর প্রচ্ছদে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেয়ার এবং তার প্রেমিকা পেরিকে।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী মেয়ারের ছয় নম্বর স্টুডিও অ্যালবাম ‘প্যারাডাইস ভ্যালি’র এই গান আলাদাভাবে সিঙ্গেল আকারে প্রকাশিত হবে। আর এর কভারের জন্য একসঙ্গে ছবি তুলেছেন জন মেয়ার এবং কেটি পেরি।
সাদাকালো এই প্রচ্ছদ ছবি তুলেছেন আলোকচিত্রী মারিও সরেন্টি। রোমান্টিক ধাঁচের দুটি পোর্ট্রেট ছবিতে একসঙ্গে দেখা যাবে এই সংগীতশিল্পী জুটিকে।
মেয়ারের সঙ্গে এই অ্যালবামের জন্য গানও গেয়েছেন পেরি। চলতি বছরের অগাস্ট মাসে মেয়ার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি আশা করছেন শ্রোতারা পেরির সঙ্গে তার সম্পর্ককে এক পাশে সরিয়ে শুধুমাত্র গানটি উপভোগ করবেন।
২০১২ সালের অগাস্ট মাস থেকে প্রেম করছেন মেয়ার এবং পেরি। একসঙ্গে পরিবার গঠনের কথাও ভাবছেন তারা।
