২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতির কারণে ওয়াকারের মৃত্যু

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন অভিনেতা পল ওয়াকার, নিশ্চিত করেছে লস এঞ্জেলেস পুলিশ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লাল রংয়ের ‘২০০৫ পোরশে কারেরা জিটি’ গাড়িতে একজন যাত্রী হিসেবে বসে ছিলেন ওয়াকার। গাড়ি চালাচ্ছিলেন তার বন্ধু। গাড়ির গতি অস্বাভাবিক মাত্রায় বাড়ানোর কারণে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িতে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ এক বিবৃতিতে বলেছেন, “এই দুর্ঘটনার পেছনে গাড়ির দ্রুতগতি ছিল প্রধান কারণ।”

এলএ পুলিশের ডেপুটি মার্ক পোপ আরও জানান, এই ঘটনার উপর এখনও তদন্ত চলছে। তবে গাড়িটির গতি কত ছিল, তা এখনও জানা সম্ভব হয়নি।

এদিকে লস এঞ্জেলেস টাইমসের খবর অনুযায়ী, গাড়িটির চালক অর্থাৎ ওয়াকারের বন্ধুর নাম ছিল রজার রোডাস। ৩৮ বছর বয়সী রজার একটি গাড়ি কোম্পানির মালিক ছিলেন। গাড়ি বিক্রির পাশাপাশি গাড়ি রেসিংয়ের ব্যবস্থা ছিল তার প্রতিষ্ঠানে।

স্যান্টা ক্লারিটার রেডিও স্টেশন এক সূত্রের বরাতে জানিয়েছে, সাবেক রেসিং কার ড্রাইভার ছিলেন রজার রোডাস।

এদিকে যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকার খবর অনুযায়ী, পল ওয়াকারকে ছাড়াই এবার ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন’-এর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এর নির্মাতা পক্ষ। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইউনিভার্সাল পিকচারস।