পহেলা জানুয়ারিতে ফিরছেন শার্লক
নববর্ষের প্রথম দিনে শার্লক হোমস ফিরবেন বলে ঘোষণা দিয়েছে বিবিসি। আর এর মাধ্যমেই শেষ হয়ে এল বিবিসির জনপ্রিয় ডিটেক্টিভ সিরিজ ‘শার্লক’ ভক্তদের অপেক্ষার প্রহর।
টিভি সিরিজটির গল্পগুলোর মতোই এক নাটকীয় পন্থায় সিরিজের তৃতীয় সিজনের প্রথম পর্ব প্রচারের দিন জানিয়ে দিয়েছে বিবিসি।
২০১৪ সালের পহেলা জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রচারিত হবে ‘শার্লক’ তৃতীয় সিজনের প্রথম পর্বটি।
কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘শার্লক’-এর তৃতীয় সিজন নিয়ে এক অভিনব প্রচারণা চালিয়েছে বিবিসি। প্রচারণা চালাতে বিবিসি ব্যবহার করেছে একটি খালি হার্স (শববাহী বিশেষ যান)। যাতে ‘শার্লক’ শব্দটি লেখা ছিল ফুল দিয়ে। আর জানালায় ২০১৪ পহেলা জানুয়ারি তারিখটির সঙ্গে লেখা ছিল ‘শার্লক লিভস’। এই বিশেষ যানটিকে দেখা গেছে সম্প্রতি লন্ডনের রাস্তায়।
‘শার্লক’ নির্মাতা স্টিভেন মোফাট জানিয়েছেন, দ্বিতীয় সিজনে অমীমাংশিত রহস্যের সমাধান হবে তৃতীয় সিজনের প্রথম পর্বে।
আগের দুই সিজনের মতো এবারও শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করবেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী সিরিজের প্রথম ৩টি পর্ব প্রচারিত হবে যথাক্রমে ১, ৫ এবং ১২ জানুয়ারি।
