২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বম্বে সামুরাই’-এ ফারহান-কারিনা

বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দেব বেনেগালের ‘বম্বে সামুরাই’ সিনেমায় অভিনয়ের জন্য। সিনেমাটিতে প্রথমবারের মতো তিনি জুটি বাঁধবেন অভিনেতা ফারহান আখতারের সঙ্গে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:39 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

প্রথমবারের মতো কারিনার বিপরীতে অভিনয় করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফারহান।

তিনি বলেন, “আমি কারিনার অভিনয় দেখেছি। তিনি সত্যিই অসাধারণ। আর দেবের সিনেমায় আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি নতুন কিছু করতে পারব আমরা।”

কারিনাও দারুন খুশি ফারহানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে। তিনি বলেন, “বহু গুণের অধিকারী ফারহান, আর তাই তাকে সম্মান করি আমি। ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমা দেখে আমি মুগ্ধ।”

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ডিসেম্বর মাসে বার্ষিক ছুটি কাটাতে সুইজারল্যান্ড যাবেন কারিনা। বড়দিন এবং নববর্ষ পালন করে তবেই দেশে ফিরবেন তিনি। আর তারপরই সিনেমার কাজ শুরু করবেন তারা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ভিন্ন ধারার টানটান উত্তেজনায় ভরপুর একটি সিনেমাই হতে যাচ্ছে ‘বম্বে সামুরাই’। সিনেমায় প্রায় সাত থেকে আটটি বিশেষ চরিত্র থাকছে। তবে এর মধ্যে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন কারিনা এবং ফারহান। সিনেমাটিতে প্রেমিক প্রেমিকার চরিত্রে অভিনয় করলেও দর্শকদের সামনে ভিন্ন ধরনের একটি জুটি তুলে আনবেন তারা।

চলতি বছরে বেশ কয়েকটি ভিন্ন ধারার সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কারিনা। প্রকাশ ঝা পরিচালিত ‘সত্যগ্রহ’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন কারিনা। এরপর ‘গোরি তেরি পেয়ার ম্যায়’ সিনেমায় পাগলাটে সমাজকর্মীর চরিত্রে অভিনয় করেন তিনি।