বাংলা ভাষায় গুন্ডে
সত্তর দশকে কলকাতার পটভূমিতে নির্মিত হওয়ার কারণে হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও মুক্তি পাবে ইয়াশ রাজ ফিল্মসের সিনেমা ‘গুন্ডে’।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আলি আব্বাস জাফর পরিচালিত ‘গুন্ডে’ মুক্তি পাবে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি। এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে রনভির সিং, অর্জুন কাপুর এবং প্রিয়াংকা চোপড়াকে।
সিনেমাটির মুখপাত্র স¤প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, “এই সিনেমার কাহিনি গড়ে উঠেছে সত্তর দশকে কলকাতার জীবনযাত্রা নিয়ে, যখন শহরটিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল। সিনেমার প্রতিটি চরিত্র কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এ কারণে সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও মুক্তি দেওয়া হবে ‘গুন্ডে’।”
ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ‘গুন্ডে’র হিন্দি ট্রেইলার। আর এক সপ্তাহের মধ্যেই বাংলা ট্রেইলার মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘গুন্ডে’তে রনভির এবং অর্জুন অভিনয় করেছেন দুই বাঙালির চরিত্রে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা দেশ ছেড়ে কলকাতায় পালিয়ে আসেন।
