পিটকে চান বেকহাম
যদি সাবেক ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহামের জীবনীভিত্তিক সিনেমা নির্মিত হয়, তবে বেকহাম চান যেন তার চরিত্রে ব্র্যাড পিট অভিনয় করেন।
কন্টাক্টমিউজিক জানায়, অভিনেতা পিটের বড় ভক্ত বেকহাম। আর তাই নিজের চরিত্রে প্রিয় অভিনেতাকে দেখতে চান তিনি।
টকস্পোর্ট রেডিওতে একটি অনুষ্ঠানে বেকহাম বলেন, “আমার মনে হয় পিটই সেরা। আমার চরিত্রে তাই আমি তাকেই দেখতে চাই। তিনি না হলে লিওনার্ডো ডিক্যাপ্রিও অভিনয় করতে পারেন। অথবা ব্র্যাডলি কুপার। তারা প্রত্যেকেই সুদর্শন।”
চলতি বছরের মে মাসে ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেন বেকহাম। তবে এখনও তার পুরোপুরি অবসর নেই বলে মন্তব্য করেন তিনি। কারণ তার চার সন্তান এবং স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম তাকে সবসময়ই ব্যস্ত রাখেন।
তিনি বলেন, “আমি অবসর নেওয়ার পর কিছুদিন একেবারে ব্যায়াম করিনি। তবে আবার আমাকে ব্যায়াম শুরু করতে হয়েছে। আমি এখন সারাদিনই কাটাই চার বাচ্চার পিছনে।”
অবসরের পর বেকহাম তার স্ত্রীর সঙ্গে তাদের লন্ডনের বাড়িটি নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন। বাড়িটি সাজাতে তাদের খরচ হবে ৫০ লাখ ডলার। বাড়িটি কিনতে তাদের খরচ হয়েছে ৪ কোটি মার্কিন ডলার। বাড়িতে নতুনভাবে শুধু ভিক্টোরিয়ার জুতা রাখার জন্য দুটি কক্ষ বানানো হবে। প্রতিটি স্নানঘরে লাগানো হবে প্লাজমা টিভি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইরা/এসএম/আরএস/নভেম্বর ২৯/১৩
