হাঙ্গার গেইমসের নতুন চ্যালেঞ্জ
‘দ্য হাঙ্গার গেইমস’-এর শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার শেষে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে ফিরে এসেছে ক্যাটনিস এবং তার সঙ্গীরা।
জীবন বাজি রেখে ‘হাঙ্গার গেইমস’ জিতে এসেছে ১৬ বছর বয়সী ক্যাটনিস এভারডিন। কিন্তু তার এই বিজয় অনেকের মধ্যেই সৃষ্টি করেছে হিংসা, আর তাই তাকে ধ্বংস করতে এবার নেমেছে ক্যাপিটল। ক্যাটনিস কি পারবে এই বিপদ থেকে বাঁচতে?
লেখক সুজান কলিন্সের ব্যাপক জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ উপন্যাস প্রকাশিত হওয়ার পর থেকেই তোড়জোড় চলছিল এর কাহিনিকে বড়পর্দায় নিয়ে আসার। শুধু বইপড়ুয়াদের নয়, সিনেমাপ্রেমীদেরও আগ্রহের শেষ ছিল না।
প্রথমেই আসা যাক নির্মাতার প্রসঙ্গে। ‘হাঙ্গার গেইমস’ সিনেমাটি যদিও নির্মাণ করেছিলেন গেরি রস, কিন্তু তার আসনে এবার বসেছেন পরিচালক ফ্রান্সিস লরেন্স। মূলত মিউজিক ভিডিও নির্মাতা হলেও তিনি যখনই কোনো সিনেমা তৈরি করেছেন, তা ব্যবসাসফল হয়েছে।
২০০৫ সালে ‘কন্সটান্টিন’ দিয়ে শুরু, এরপর ‘আই অ্যাম লিজেন্ড’, ‘ওয়াটার ফর এলিফ্যান্ট’ এবং সর্বশেষ ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’। যারা নিয়মিত সিনেমা দেখেন, তাদের জন্য একটি নামও অপরিচিত নয়।
ফ্রান্সিসের এই নির্মাণশৈলীর উপর ভরসা করে ‘হাঙ্গার গেইমস’ সিরিজের আগামী দুটি সিনেমাও নির্মাণের দায়িত্ব দিয়েছে তাকে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেইট।
বরাবরের মতো এবারের সিনেমায়ও মুখ্য চরিত্রে দেখা গেছে জেনিফার লরেন্সকে। আরও আছেন লিয়াম হেমসওয়ার্থ, জশ হাচারসন, এলিজাবেথ ব্যাংকস এবং আলেকজান্ডার লাডউইগ। ‘হাঙ্গার গেইমস’-এর এবারের পর্বের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে কলাকুশলীদের। সিনেমার একটি দৃশ্যের জন্য জীবনে প্রথম কাঁচা মাছের স্বাদ নিয়েছেন জেনিফার। বলা বাহুল্য, এই অভিজ্ঞতা মোটেও আনন্দের ছিল না!
একটি দৃশ্যের শুটিংয়ে নৌকা ক্রমাগত নাড়ানোর ফলে মাথা ঘুরে যায় জেনিফার এবং লিয়ামের। পরবর্তীতে শুটিং থামাতে বাধ্য হয় ইউনিট। কিন্তু হলিউডের শিল্পীরা তাদের কঠোর পরিশ্রমের জন্য সুপরিচিত। আর তাদের এই পরিশ্রম বিফলে যায়নি, তা নিঃসন্দেহে বলা যায়।
চমৎকার কাহিনি, দক্ষ নির্মাতা এবং কলাকুশলীদের সাবলীল অভিনয় সবই আছে এই সিনেমায়। তাহলে সমালোচকদের মতামত কী রকম?
টেলিগ্রাফ পত্রিকার সমালোচক রবি কলিন ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’কে দিয়েছেন পাঁচের মধ্যে চার তারকা। তার মতে, শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটি চমৎকার।
দ্য গার্ডিয়ানের মার্ক কারমোডে বিশেষভাবে প্রশংসা করেছেন জেনিফার লরেন্সের অভিনয়ের। ‘রটেন টম্যাটোজ’-এর টম্যাটো মিটারে ৮৯ শতাংশ ভোট পেয়েছে ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’, আর আইএমডিবিতে ইতোমধ্যেই ৮ দশমিক ৩ রেটিং দিয়েছে ৫৯ হাজার গ্রাহক।
এবার আসা যাক বক্স অফিসের হিসাব নিকাশে। ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ মুক্তির বহু আগে থেকেই শুরু হয়েছিল ‘বক্স অফিস প্রেডিকশন’। একে চলতি বছরের অন্যতম সেরা হিট সিনেমার তালিকায় অনেক আগে থেকেই রেখেছিলেন অনেকে। মুক্তির পর অবশ্য তাদের আশাহত হতে হয়নি।
ওয়েবসাইট বক্স অফিস মোজোর দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত চারদিনে আমেরিকাসহ বিশ্বব্যাপী ৩৩২ কোটি ৯৫লক্ষ ৬ হাজার ৩১৭ ডলার আয় করেছে ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’। আর ‘থ্যাংকস গিভিং’-এর ছুটিতে বক্স অফিসে রাজত্ব করবে এই সিনেমা, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা।
আর একটি কথা না বললেই নয়। অ্যাকশন এবং ফ্যান্টাসিতে ভরপুর ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’-এ একটি বিষয় কিন্তু লক্ষণীয়, আর তা হল জেনিফারের অভিনীত চরিত্র ক্যাটনিস এভারডিন। দ্য গার্ডিয়ানের লেখক সুজান মুরের মতে, কিশোরী ক্যাটনিস বর্তমান যুগের নারীর জন্য অনুপ্রেরণা হতে পারে। আধুনিক যুগে এসেও যখন অনেক নারী ধনী পুরুষের ছায়ার নিচে গড়তে চান নিজের ভবিষ্যৎ, তখন কাল্পনিক এক জগতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও নিজের পরিচয় ধরে রাখতে অটল কিশোরী ক্যাটনিস। নিঃসন্দেহে এই চরিত্রটি হতে পারে নারীদের জন্য পথপ্রদর্শক।
তবে যারা ‘হাঙ্গার গেইমস’ সিরিজের প্রথম সিনেমাটি দেখেননি, তাদের জন্য পরামর্শ, ‘ক্যাচিং ফায়ার’ দেখার আগে আপনাকে অবশ্যই প্রথম পর্বটি দেখতে হবে। না হলে আপনি কোনোভাবেই বুঝবেন না লেখক সুজান কলিন্সের কাহিনি এবং নির্মাতা ফ্রান্সিস লরেন্সের দক্ষতার সমন্বয়ে তৈরি হয়েছে কী নান্দনিক শিল্পকর্ম। শুধুমাত্র বিনোদনের খোরাক বললেও কম হবে, দর্শক এবং সমালোচক উভয়ের বাহবা পাওয়ার জন্য যা যা প্রয়োজন, সবকিছুতেই ভরপুর ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’।
