২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য টি স্টল বয়’ ভারতে পুরস্কৃত

ভারতের ‘ফ্রি স্পিরিট ফিল্ম ফেস্টিভ্যালে’ ‘অডিয়েন্স অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছে মিনহাজুর রহমান নয়ন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টি স্টল বয়’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:29 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

নির্মাতা সুত্রে এই তথ্য জানা গেছে।

কিশোর তোফায়েল আলমের বাড়ি ময়মনসিংহ জেলায়। সে ঢাকার মগবাজার ওয়্যারলেসে চাচার চায়ের দোকানে কাজ করে। তাকে নিয়েই গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প।

তরুণ পরিচালক নয়ন বলেন, “তোফায়েল নামে এক কিশোরের সততা নিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর শুটিং হয়। এক দিনেই শুটিং শেষ করি।” 

নয়ন জানিয়েছেন, ভারতের হিমাচল প্রদেশে অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে উৎসবটি। বাংলাদেশের এই চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এর আগে বেলারুশের ‘দ্য ভ্যাগ্রান্ট ফিল্ম ফেস্টিভাল, ২০১৩’-তে প্রিমিয়ার হয়েছে ‘দ্য টি স্টল বয়’ চলচ্চিত্রের । 

এক মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্রতে অভিনয় করেছেন তোফায়েল আলম, রফিক নটবরসহ অনেকে।

স্বাধীনতা হোম বক্সের প্রযোজনা ও পরিবেশনায় চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মিনহাজুর রহমান নয়ন। শাহরিয়ার ফাহাদের চিত্রগ্রহণে এটি সম্পাদনা করেছেন অপু মনওয়ার।

মিনহাজুর রহমান নয়ন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধেশ্বরী কলেজে পড়াশোনা করছেন। একুশে টেলিভিশনের অনুষ্ঠান মুক্তখবরের সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার রচিত নাটক ‘পাখাল’ একটি চ্যানেলে ঈদের দিন প্রচারিত হয়েছে।