২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরাদের আক্ষেপ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পাঁচ বছর পেরিয়ে গেলেও মনের মতো চরিত্রে সুযোগ পাননি বলে সিনেমায় নিয়মিত হতে পারেননি অভিনেতা আরমান পারভেজ মুরাদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:22 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

গ্লিটজের কাছে এ আক্ষেপ জানিয়েছেন মুরাদ।

মুরাদ বলেন, “ঘানি সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পর সিনেমাতে নিয়মিত হওয়ার স্বপ্ন ছিল। বাণিজ্যিক সিনেমাতেও আপত্তি ছিল না। কিন্তু বাণিজ্যিক সিনেমার পরিচালকরা যেসব চরিত্র অফার করেছিলেন তা আমার মনের মতো হয়নি। তাই তাদের ফিরিয়ে দিয়েছিলাম। একসময় তাদের আসাও বন্ধ হয়ে গেল। ইচ্ছা থাকা সত্ত্বেও বাণিজ্যিক সিনেমাতে নিয়মিত হতে পারিনি।”

মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর তিনি অভিনয় করেছেন কাজী মোর্শেদের ‘ঘানি’, মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’, ‘আমার বন্ধু রাশেদ’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’, আজাদ কালামের ‘বেদেনী’ সিনেমাতে। ‘ঘানি’ সিনেমায় নায়ক চরিত্রের জন্য ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মুরাদ।

মুরাদ সম্প্রতি মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’ সিনেমায় প্রথমবারের মতো খলচরিত্রে অভিনয় করেছেন। মুরাদ জানান, এরপর যে কোনো ধাঁচের সিনেমায় খলচরিত্রে অভিনয় করতে চান তিনি। তার মতে, খলচরিত্রে অভিনয়ের সুযোগ বেশি।

টিভিপর্দার অভিনেতা মুরাদ মনে করেন, বাংলা সিনেমায় ভালো অভিনেতার অভাব রয়েছে। এর কারণ হিসেবে তিনি অডিশন পদ্ধতি বাতিলকে দায়ী করেছেন। তিনি বলেন, “ক্যারিয়ারের শুরুতে একটি নাটকে সুযোগ পেতে বহুবার অডিশন দিয়েছি। অডিশন ছাড়া অভিনয়ে সুযোগ পাওয়ার কোনো উপায় ছিল না। এখন অভিনয়ের জন্য কোনো অডিশন দিতে হয় না। পরিচালক ও প্রযোজকের সঙ্গে সুসম্পর্ক থাকলে নাটক, সিনেমাতে চান্স পাওয়া কোনো ব্যাপার না।”

মঞ্চকে অভিনয় শেখার আসল জায়গা বলে মনে করেন মুরাদ। মঞ্চ নাটকেই অভিনয়ের খুঁটিনাটি শেখার সুযোগ বেশি। টিভিনাটক ও সিনেমাতে সে সুযোগ কম।

মুরাদ এখন ডি এ তায়েবের ‘শনির আখড়া’, লিপনের ‘সোনালি মেঘের ভেলা’, তুহিন অবন্তের ‘সিনেমাওয়ালা’, এহসানুল হক সেলিমের ‘প্রতিশোধ’, সোহান খানের ‘উই আর ফ্রেন্ড’ ধারাবাহিকে অভিনয় করছেন। 

রাজশাহীর বোস পাড়ার ছেলে আরমান পারভেজ মুরাদের অভিনয় জীবন শুরু হয় ১৯৮৯ সালে। রাজশাহী সাংস্কৃতিক সংঘে তিনি টানা ৯ বছর কাজ করেন। এরপর ঢাকায় এসে থিয়েটার আরামবাগে যুক্ত হন। ১৯৯৭ সালে ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘নিশিথে নোঙ্গর’ নাটকের মাধ্যমে তার ছোটপর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি একে একে অনেক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘জোঁক’, ‘সন্ধ্যালোকের যাত্রা’, ‘একান্নবর্তী’, ‘কৃষ্ণকুমারী’, ‘তেভাগা’, ‘এনেছি সূর্যের হাসি’, ‘লাবণ্য’, ‘বনলতা’, ‘দক্ষিণায়নের দিন’, ‘কুটুমবাড়ি’, ‘নীল স্বপ্ন’, ‘যুগলবন্দি জোছনা’। অভিনয়ের পাশাপাশি টিভিনাটকের চিত্রনাট্যও লিখছেন তিনি।