২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কী দারুণ দেখতে’ সিনেমার মুক্তি স্থগিত

যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ‘কী দারুণ দেখতে’ সিনেমার মুক্তি স্থগিত করেছেন এর নির্মাতারা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:07 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বাপ্পি-মাহি জুটি অভিনীত সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন এ কথা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শুক্রবার সিনেমাটি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি থাকলেও উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

সিনেমাটি কবে মুক্তি পাবে তারও কোনো  নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেন তিনি।

সুমন আরও জানিয়েছেন, চলচ্চিত্রটি দেশের প্রায় ৭০টি সিনেমাহলে একযোগে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সারাদেশ অবরোধের কবলে পড়লে মুক্তি নিয়ে দ্বিধা- দ্বন্দ্বে পড়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসএমএস ফিল্মস।

ওয়াজেদ আলী সুমন বলেন, “তিনদিনের অবরোধ আপাতত শেষ হলেও রোববার-সোমবার কিংবা যে কোনো সময় হরতাল-অবরোধের কর্মসূচি আসতে পারে। দেশের এমন অস্থিরতায় সিনেমাটি মুক্তি দিলে বড় ধরনের ঝুঁকি হয়ে যাবে। তাই চাহিদা থাকার পরেও আমরা মুক্তি স্থগিত করলাম।”

দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান পরিচালক সুমন।

‘কী দারুণ দেখতে’ সিনেমায় বাপ্পী-মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, ওমর সানী, শাহরিয়াজ, বিপাশা এবং মিশা সওদাগর।