ক্রিস্টেনের সঙ্গে রবার্টের বড়দিন
পরিবারের সঙ্গে নাকি সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে বড়দিন উদযাপন করবেন তা নিয়ে দোটানায় পড়েছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন।
লস আঞ্জেলেসে সাবেক প্রেমিকার সঙ্গে বড়দিন কাটাবেন, নাকি লন্ডনে নিজের পরিবারের সঙ্গে থাকবেন, তা এখনও বুঝে উঠতে পারছেন না রবার্ট। ক্রিস্টেনের কাছে বারবার ফিরে যাওয়ার বিষয়টি কোনোদিন ভালোভাবে দেখেনি রবার্টের পরিবার, আর তাই সমস্যা এখন অনেক প্রকট রবার্টের জন্য।
লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, বড়দিনে লন্ডন যেতে চাইছেন রবার্ট, কিন্তু ক্রিস্টেন চান রবার্ট এবারের বড়দিনে তার সঙ্গে থাকুক।
বিবাহিত পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের সম্পর্কের কারণে তাকে এখন আর পছন্দ করছে না রবার্টের পরিবার। তারা আশংকা করছেন, রবার্ট বড়দিনের ছুটি ক্রিস্টেনের সঙ্গে কাটালে তাদের মধ্যে হারানো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল।
সূত্রটি আরও জানিয়েছে, ক্রিস্টেনকে একদমই পছন্দ করে না রবার্টের পরিবার। তারা খুবই চিন্তিত এই ভেবে যে হয়তো কোনোদিন ক্রিস্টেনকে ছেড়ে দূরে থাকতে পারবেন না রবার্ট। তারা মনে করেন রবার্টের জন্য সঠিক সঙ্গী নন ক্রিস্টেন। কিন্তু ক্রিস্টেনের মধ্যে এমন কিছু আছে যার আকর্ষণে তার কাছে বারবার ফিরে যান রবার্ট।
বড়দিনের ছুটি কোথায় কাটাবেন সেটা যদিও ঠিক করতে পারেননি রবার্ট। কিন্তু এক সূত্রের বরাতে হলিউড লাইফ জানিয়েছে, থ্যাংকস গিভিং ডিনার একসঙ্গেই উদযাপন করবেন রবার্ট এবং ক্রিস্টেন। তাও আবার ঐতিহ্যবাহী ইংরেজ খাবার খেয়ে।
