টাইফুনে ক্ষতিগ্রস্তদের পাশে রিয়ানা
ফিলিপাইনে টাইফুনে নিহত এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যে একলাখ ডলার অনুদান দেবেন পপতারকা রিয়ানা।
কন্ট্রাক্টমিউজিক জানায়, ১৩ নভেম্বর ফিলিপাইনে আঘাত হানা টাইফুনে এর অধিবাসীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্তদের সাহায্যে অনেক সেলিব্রিটিই এগিয়ে এসেছেন অনুদান নিয়ে। তাদের মধ্যে ‘ডায়মন্ড’ হিটমেকার রিয়ানা একলাখ ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
ইউনিসেফকে এই অনুদানের বিষয়ে জানিয়েছেন রিয়ানা। সামর্থ্যবানদের ফিলিপাইনবাসীদের পাশে এসে দাঁড়ানোর জন্যও অনুরোধ করেন তিনি।
রিয়ানা এক বিবৃতিতে বলেন, “যখন ঘটনা ঘটে তখন ক্যামেরা সেখানে পৌঁছে যায়। তবে ভুক্তভোগীদের সেই আঘাত অতিক্রম করতে অনেক কষ্ট সহ্য করতে হয়। আমি অনেকদিন ধরে ইউনিসেফের ভক্ত। আর এবার তাদের কাজের ভাগী হতে পেরে আমার খুব ভালো লাগছে। টাইফুনে ক্ষতিগ্রস্ত শিশুদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আমি।”
টাইফুনে ৫ হাজার ২০০ লোকের প্রাণহানি ঘটেছে, গৃহহারা হয়েছে কয়েক হাজার মানুষ। এর আগে ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-খ্যাত অভিনেতা চার্লি শিন ফিলিপাইনে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেন।
