২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রিয়ালিটি শো ‘ভালোবাসি বাংলাদেশ’

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়ালিটি শো ‘ভালোবাসি বাংলাদেশ’। দেশাত্মবোধক গানের প্রতিযোগীতামূলক ওই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সামিনা চৌধুরী।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:26 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

এ বিষয়ে অনুষ্ঠানটির পরিচালক কবির বকুল গ্লিটজকে বলেন, “প্রথম বারের মতো শুধু দেশের গান নিয়ে রিয়ালিটি শো হতে যাচ্ছে। এই আয়োজনে অংশ নিতে ২ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করে। সেখান থেকে ২৪ জনকে বাছাই করা হয়েছে, যারা মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।”

কবির বকুল আরও জানান, প্রাথমিক বাছাই পর্বে বিচারকের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী পুলক ও সাব্বির। এরপরে মূল প্রতিযোগিতার জন্য প্রতিযোগী বাছাই করেন রোমানা ইসলাম, আলম আরা মিনু ও বাসু দেব। এই মুহূর্তে চলছে অনুষ্ঠানটির চিত্রধারণের কাজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

বকুল বলেন, “আমাদের দেশে সংগীতের ভাণ্ডারে অসংখ্য দেশের গান আছে। দিনদিন এ ধরনের গানের চর্চা কমে যাচ্ছে। দেশের গানের চর্চাকে এগিয়ে নিতে বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে এই অনুষ্ঠান করছি। ডিসেম্বর মাস থেকে এর সম্প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি আমাদের রিয়েলিটি শোয়ের কাতারে নতুন মাত্রা যোগ করবে।”

সামিনা চৌধুরী অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, “এই অনুষ্ঠানের আগে আমরা দুজন ‘ক্লোজআপ ওয়ান’-এর বিচারক হয়েছি। এবারে ভিন্ন ধরনের এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত। দেশের গান নিয়ে এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে বেশ ভালোই লাগছে।”

ডিসেম্বর মাস থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ভালোবাসি বাংলাদেশ’।