ধারক-এর প্রথম অ্যালবাম
হারিয়ে যাওয়া বাংলা গান নিয়ে অ্যালবাম প্রকাশ করবে নতুন ব্যান্ডদল ধারক। এক সময়ের জনপ্রিয় ভাওয়াইয়া, টপ্পা, মীরার ভজনের পাশাপাশি এ অ্যালবামে থাকবে রবীন্দ্র, নজরুল ও লালনসংগীত এবং একটি কর্ণাটকি গান।
অ্যালবাম প্রসঙ্গে নির্ঝর গ্লিটজকে বলেন, “হারিয়ে যাওয়া বাংলা গানগুলোকে নিজেদের মতো করে শ্রোতাদের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে ধারক। উনিশ শতকের শুরুতে টপ্পা ও মীরার ভজন বেশ জনপ্রিয় ছিল। ভাওয়াইয়া গানও প্রায় হারাতে বসেছে। এ গানগুলো নিয়ে সাজানো হচ্ছে আমাদের প্রথম অ্যালবাম।”
নির্ঝর জানান, টপ্পা, মীরার ভজন ও ভাওয়াইয়ার পাশাপাশি রবীন্দ্র , নজরুল ও লালনসংগীতও থাকবে এ অ্যালবামে। এ অ্যালবামে একটি কর্ণাটকি ক্ল্যাসিক্যাল শোনা যাবে নির্ঝরের কণ্ঠে।
নির্ঝরের দেওয়া তথ্য অনুযায়ী, নয়টি গান নিয়ে সাজানো হবে এ অ্যালবাম। তবে অ্যালবামের নাম ঠিক করেননি তারা এখনও।
এ বছর মে মাসে যাত্রা শুরু করা ব্যান্ডদল ধারক এখন স্টেজ শো ও টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। নির্ঝরের সঙ্গে এ দলে আছেন ডোরা ( ভোকাল), জিতু (লিড গিটারিস্ট), সোহেল (ড্রামস), শিমুল (বেস), শাহেদ (কি বোর্ড)।
ছায়ানটের সিনিয়র শিক্ষক নির্ঝর চৌধুরীর সংগীতায়োজনে ‘মাটির সুরে’, ‘মেঘে মেঘে’ ও ‘বর্ষামঙ্গল’ নামে তিনটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে।
