২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে এলআরবি

দিল্লিতে আয়োজিত তিনদিনব্যাপী ‘সাউথ এশিয়ান ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ ২০১৩ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বাংলাদেশি ব্যান্ড এলআরবি। উৎসবের প্রথম দিন ২৯ নভেম্বর থাকছে তাদের পরিবেশনা। দিল্লির ‘পুরানা কিল্লা’য় অনুষ্ঠিতব্য ওই উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 06:21 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবকটি দেশের পাশাপাশি কোরিয়ার একটি ব্যান্ড নিয়ে মোট ১৪টি ব্যান্ড অংশ নিচ্ছে এবারের আয়োজনে। এর মধ্যে ৬টি ব্যান্ড ভারতের।

এ বিষয়ে উৎসবের প্রজেক্ট ম্যানেজার সীমা ধাইয়া বলেন, “২০০৭ থেকে শুরু হওয়ার পর থেকে দিল্লির সব বয়সের মানুষের কাছে বহুল কাঙ্খিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে উৎসবটি। এবারের উৎসবে অতিথি কোরিয়ান ব্যান্ড বিউরেটকে হাইলাইট করা হচ্ছে।”

এলআরবি’র পাশাপাশি এবারের উৎসবে অংশ নিচ্ছে পাকিস্তানি ব্যান্ড স্ট্রিংস এবং ভারতীয় ব্যান্ড বেয়ারফেসড লায়ার। ভারতের আরো পাঁচ ব্যান্ড-- সার্কাস, পাপন অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হোয়াটস ইন দ্য নেইম, রাঘু দিক্ষিত প্রজেক্ট, সুস্মিতা সেন কোরাসিকালসও অংশ নিচ্ছে এবারের উৎসবে।

এবারের উৎসবে অংশ নেওয়া অন্য ব্যান্ডগুলো হচ্ছে-- ভুটানের জেডএনজি, শ্রীলংকার স্টিগমাটা, মালদ্বীপের ইমান’স কনস্পাইরেসি, আফগানিস্তানের পারদিস এবং নেপালের অ্যালবার্টস।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ব্যান্ডগুলোকে এক মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্যে উৎসবটি আয়োজন করা হচ্ছে ২০০৭ থেকে। এবারের উৎসবটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠা ইন্দিরা গান্ধী কালাচারাল সেন্টারের সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে বেসরকারি সংস্থা সেহের।